সৌদি জোটের অবরোধ: কাতারি সংগ্রামের প্রতীক এখন গরু!
https://parstoday.ir/bn/news/west_asia-i42076-সৌদি_জোটের_অবরোধ_কাতারি_সংগ্রামের_প্রতীক_এখন_গরু!
সৌদি নেতৃত্বাধীন চারটি আরব দেশের পক্ষ থেকে দেয়া অবরোধের বিরুদ্ধে কাতারের প্রতিরোধ সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে গরু। দুধ এবং গোশতের ক্ষেত্রে সৌদি আরবের ওপর কাতারের নির্ভরতা কাটিয়ে ওঠার জন্য ইউরোপ থেকে ৪০০০ গরু বিমানযোগে আনার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৪, ২০১৭ ০৭:৪৭ Asia/Dhaka
  • সৌদি জোটের অবরোধ: কাতারি সংগ্রামের প্রতীক এখন গরু!

সৌদি নেতৃত্বাধীন চারটি আরব দেশের পক্ষ থেকে দেয়া অবরোধের বিরুদ্ধে কাতারের প্রতিরোধ সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে গরু। দুধ এবং গোশতের ক্ষেত্রে সৌদি আরবের ওপর কাতারের নির্ভরতা কাটিয়ে ওঠার জন্য ইউরোপ থেকে ৪০০০ গরু বিমানযোগে আনার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।

এসব গরু আমদানির অংশ হিসেবে প্রথম চালানে বিমানযোগে ১৬৫টি হোলস্টেইন গাভী আনা হবে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে আনা হবে এসব গরু। কাতারি সংবাদ মাধ্যমগুলো এ খবর ফলাও করে প্রচার করছে। এসব খবরে গরুকে সৌদি নেতৃত্বাধীন জোটের আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে কাতারের প্রতিরোধ সংগ্রামের প্রতীক হিসেবে তুলে ধরা হয়।

রাজধানী দোহা থেকে ৫০ মাইল দূরের খামার বালাদান লাইভস্টক প্রোডাকশনে নিয়ে যাওয়া হবে আমদানি করা গাভী। খামারের সিনিয়র ম্যানেজার জন ডোরে বলেন, উচ্চ-শংকর জাতের ১৬৫টি হোলেস্টেইন গাভী আনা হবে। এর মধ্যে ৩৫টি দুধালো গাই; বাকিগুলো আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বাছুর দেবে। 

চার হাজার গরুকে কাতারে আনতে মোট ৬০টি ফ্লাইটের প্রয়োজন হবে বলে জানিয়েছেন আমদানিতে জড়িত কোম্পানির চেয়ারম্যান মাউতাজ আল-খাইয়া। 

বর্তমানে কাতারে গরুর সংখ্যা পাঁচ হাজার এবং তা থেকে দেশটির দুধ ও গোশতের চাহিদা ১০ থেকে ১৫ শতাংশ পূরণ হয়। জন ডোরে আশা করছেন,  গরুর সংখ্যা শেষ পর্যন্ত ২৫ হাজারে  নেয়া যাবে।#

পার্সটুডে/মূসা রেজা/১৪