ফরমানের জোরে রাতারাতি বদলে ফেলা হলো সৌদি নিরাপত্তা ব্যবস্থা
সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল আজিজ আলে সৌদ রাতারাতি দেশটির নিরাপত্তা এবং গোয়েন্দা ব্যবস্থায় পরিবর্তন এনেছেন। ধারাবাহিক রাজকীয় ফরমান জারি করে দেশটিতে এ সংস্কার করা হয়েছে। দেশটির ৩২ বছর বয়সী যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের অবস্থান আরো শক্তিশালী করার জন্য এ ফরমান জারি করা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।
সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, রাজকীয় ফরমানে 'প্রেসিডেন্সি অব স্টেট সিকিউরিটি' নামে নতুন সংস্থা গঠন করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন গোয়েন্দা এবং সন্ত্রাসবিরোধী প্রায় সব দায়িত্ব নতুন সংস্থার ওপর বর্তাবে।
এ সংস্থার প্রধান করা হয়েছে জেনারেল আবদেল আজিজ বিন মোহাম্মাদ আল-হোয়েইরিনিকে। সরাসরি সৌদি রাজার নজরদারিতে সব কর্মকাণ্ড চালাবেন তিনি। এই ফরমান বলে হোয়েইরিনিকে দেয়া হয় উপমন্ত্রীর মর্যাদা।
এছাড়া, যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের ব্যক্তিগত দফতরের প্রধানকেও এ ফরমানে মন্ত্রীর মর্যাদা প্রদানের ঘোষণা দেয়া হয়েছে। এসপিএ'র খবরে কার্যকরভাবে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করতে এমন রদবদল করার দাবি করা হয়েছে।
কিন্তু যুবরাজ মোহাম্মাদের অবস্থান আরো শক্তিশালী করার জন্য রাজা সালমান রাতারাতি এ সব সংস্কার করেছেন বলে পর্যবেক্ষকরা ধারণা করছেন।#