জর্দানে হত্যাকারী ইসরাইলি কর্মীর বিচার মেনে নেব না: ইসরাইল
অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে আল আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে গতকাল (রোববার) জর্দানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত বিক্ষোভের সময় নিহত দুই ব্যক্তির বিষয়ে তদন্ত চালাতে আম্মান যে উদ্যোগ নিয়েছে ইসরাইল তা প্রত্যাখ্যান করেছে। জর্দানি ওই নাগরিকদের হত্যাকারী ইসরাইলি নিরাপত্তা কর্মী ভিয়েনা কনভেনশনের আওতায় কূটনৈতিক দায়মুক্তি পাবে বলে দাবি করেছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আম্মানে ইসরাইলের দূতাবাসের আবাসিক ভবনে এক ইসরাইলি নিরাপত্তা কর্মীকে এক ব্যক্তি স্ক্রড্রাইবার দিয়ে হামলা চালানোর চেষ্টা করলে ওই কর্মী তাকে গুলি করে হত্যা করে।এছাড়া,ওই ইসরাইলি কর্মীর হামলায় দূর্ঘটনাক্রমে আরো এক জর্দানি নিহত হন। তবে গতকালের ঘটনায় ইসরাইলের ওই নিরাপত্তা কর্মী সামান্য আহত হয়েছেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।
সংঘর্ষের ঘটনা নিয়ে এরইমধ্যে তদন্ত শুরু করেছে জর্দান সরকার এবং ওই নিরাপত্তা কর্মীকে আম্মান ত্যাগে অনুমতি দিতে জর্দান অস্বীকৃতি জানিয়েছে।
এদিকে, আত্মরক্ষার স্বার্থেই ওই নিরাপত্তা কর্মী গুলি চালিয়েছে বলে আজ (সোমবার) ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে। মন্ত্রণালয় আরো জানিয়েছে, ভিয়েনা কনভেনশনের আওতায় তাকে কোনো রকম জিজ্ঞাসাবাদ এবং বিচারের মুখোমুখি করতে পারে না জর্দান।
আম্মানের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, প্রথমে ১৭ বছর বয়সি মোহাম্মদ জাওয়াদেহ ঘটনাস্থলে নিহত হন। এর পর ঘটনার সময় ইসরাইলি দূতাবাসের আবাসিক ভবনে অবস্থান করা বাশার হামারনেহ নামে একজন ডাক্তার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতের পর মারা যান।
গত ১৪ জুলাই মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদ বন্ধ করে দেয় ইহুদিবাদী ইসরাইল। এরপর থেকে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলি- ফিলিস্তিনি সংঘর্ষ লেগেই আছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৪