ভিন্ন মতাবলম্বীদের শিরোশ্ছেদ বন্ধ করুন: সৌদিকে অ্যামনেস্টি
https://parstoday.ir/bn/news/west_asia-i42780-ভিন্ন_মতাবলম্বীদের_শিরোশ্ছেদ_বন্ধ_করুন_সৌদিকে_অ্যামনেস্টি
সৌদি আরবে মৃত্যুদণ্ড পাওয়া ১৪ ব্যক্তির শিরোশ্ছেদ স্থগিত রাখার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, ‘সম্পূর্ণ অন্যায় প্রক্রিয়ায়’ এসব ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ২৫, ২০১৭ ০১:৫৮ Asia/Dhaka
  • সৌদি আরবে শিরোশ্ছেদ করার একটি ভয়াবহ দৃশ্য (ফাইল ছবি)
    সৌদি আরবে শিরোশ্ছেদ করার একটি ভয়াবহ দৃশ্য (ফাইল ছবি)

সৌদি আরবে মৃত্যুদণ্ড পাওয়া ১৪ ব্যক্তির শিরোশ্ছেদ স্থগিত রাখার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, ‘সম্পূর্ণ অন্যায় প্রক্রিয়ায়’ এসব ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য বিষয়ক পরিচালক সারাহ হাদিদ বলেছেন, এসব মানুষের মৃত্যুদণ্ড চূড়ান্ত করে সৌদি কর্তৃপক্ষ প্রমাণ করল, তারা ভিন্ন মতাবলম্বীদের নির্মূল এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার কাজে মৃত্যুদণ্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

সম্প্রতি সৌদি আরবের সর্বোচ্চ আদালতে মৃত্যুদণ্ড অনুমোদিত হওয়া ১৪ ব্যক্তির বিরুদ্ধে ‘শাসকের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি করা,  মোলোটভ ককটেল তৈরি ও ব্যবহার, চুরি ও ডাকাতি, বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টির মতো মারাত্মক রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।

অ্যামনেস্টি বলেছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আইনি কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে, তাদেরকে বিচারের আগে দীর্ঘদিন ধরে কোনো অভিযোগ গঠন ছাড়াই কারাগারে আটক রাখা হয়েছে। এ ছাড়া, তাদের ওপর অকথ্য নির্যাতন চালিয়ে আদায় করা স্বীকারোক্তির ভিত্তিতে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। মানবাধিকার সংস্থাটি এই রায় বাস্তবায়নের আদেশে স্বাক্ষর না করার জন্য রাজা সালমানের প্রতি আহ্বান জানিয়েছে।

চলতি বছর এ পর্যন্ত সৌদি আরবে ৬৬ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যাদের মধ্যে ২৬ জনকে ফাঁসি দেয়া হয়েছে গত কয়েক সপ্তাহে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫