ইয়েমেনের বন্দর নগরী মোখায় সংঘর্ষে ৪০ জন নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i43128-ইয়েমেনের_বন্দর_নগরী_মোখায়_সংঘর্ষে_৪০_জন_নিহত
ইয়েমেনের বন্দর নগরী মোখার কাছে গত কয়েক দিন ধরে দেশটির হুথি আনসারুল্লাহ যোদ্ধা এবং সৌদি মদদপুষ্ট সন্ত্রাসীদের মধ্য ব্যাপক সংঘর্ষ চলছে। নতুন করে এসব সংঘর্ষে ৪০ জনের বেশি নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ৩০, ২০১৭ ১২:৩৯ Asia/Dhaka
  • হুথি আনসারুল্লাহ যোদ্ধা
    হুথি আনসারুল্লাহ যোদ্ধা

ইয়েমেনের বন্দর নগরী মোখার কাছে গত কয়েক দিন ধরে দেশটির হুথি আনসারুল্লাহ যোদ্ধা এবং সৌদি মদদপুষ্ট সন্ত্রাসীদের মধ্য ব্যাপক সংঘর্ষ চলছে। নতুন করে এসব সংঘর্ষে ৪০ জনের বেশি নিহত হয়েছে।

সামরিক কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা আজ (রোববার) জানিয়েছে, বন্দর নগরী মোখার পূর্ব অংশে সংঘঠিত এসব সংঘর্ষে ১৬ জন হুথি যোদ্ধা এবং সৌদি মদদপুষ্ট সাত সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া, হুথি যোদ্ধারা গত বৃহস্পতিবার ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তা'য়িজ প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালালে সৌদিপন্থি ২০ সন্ত্রাসী  নিহত হয়। মোখা শহরের ৪০ কিলোমিটার পূর্বে তায়িজ প্রদেশটি অবস্থিত।

গত কয়েক মাস ধরে মোখায় সৌদি-পন্থি ইয়েমেনি বাহিনী এবং হুথি আন্দোলনের যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। লোহিত সাগরের তীরবর্তী কৌশলগত মোখা বন্দর নগরী পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার কথা গত ফেব্রয়ারি মাসে সৌদিপন্থি সন্ত্রাসীরা  জানিয়েছিল।এদিকে, গতকাল শনিবার হুথি যোদ্ধারা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে আল-ফারিজা সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত আগ্রাসনে গত দুই বছরে প্রায় ১২ হাজার বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ৪৪ হাজার ৫০০ জন আহত হয়েছে। এ ছাড়াও দেশটির অবকাঠামোর এক বিশাল অংশ সৌদি বিমানের নির্বিচার বোমা বর্ষণে ধ্বংস হয়ে গেছে। এছাড়া,  দেশটির ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে সৌদি নেতৃত্বাধীন জোট।#