আওয়ামিয়া শহর প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে সৌদি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i43468-আওয়ামিয়া_শহর_প্রায়_মাটির_সঙ্গে_মিশিয়ে_দিয়েছে_সৌদি_বাহিনী
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আওয়ামিয়া শহরটি প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। শিয়া মুসলমান অধ্যুষিত শহরটিকে অবরুদ্ধ করে সেখানে নির্বিচারে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সরকারি সেনারা।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ০৪, ২০১৭ ১২:৩২ Asia/Dhaka
  • বিধ্বস্ত আওয়ামিয়া শহর
    বিধ্বস্ত আওয়ামিয়া শহর

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আওয়ামিয়া শহরটি প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। শিয়া মুসলমান অধ্যুষিত শহরটিকে অবরুদ্ধ করে সেখানে নির্বিচারে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সরকারি সেনারা।

এ শহরের শত শত অধিবাসী পালাতে সক্ষম হয়েছেন এবং তারা পার্শ্ববর্তী দাম্মাম শহরে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নিয়েছেন। মিডল ইস্ট আই নামের একটি অনলাইন নিউজ পোর্টাল জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ আওয়ামিয়া শহরের আল-মোসারা এলাকাকে বাধ্যতামূলকভাবে খালি করার কর্মসূচি হাতে নিয়ে এগুচ্ছে। শহরের মানবাধিকার কর্মীরা জানাচ্ছেন, লোকজনকে ঘর-বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে এবং তাদের অর্থ-সম্পদ বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের হাতে ন্যস্ত করা হয়েছে।

সৌদি বর্বরতার স্বাক্ষর

সৌদি বাহিনী শহরের ওপর নির্দ্বিধায় গুলি চালাচ্ছে এবং তাতে ঘর-বাড়ি ও গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, বেশকিছু ঘর-বাড়ি ও দোকানে আগুন লাগিয়ে দিয়েছে তারা।  সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে- আওয়ামিয়া শহরকে প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে এবং ভাঙা ঘর-বাড়িতে এখনো যারা রয়েছেন তারা বিদ্যুৎ ও পানির সংকটে পড়েছেন। ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি থেকে আবর্জনা সরানো হচ্ছে না এমনকি ফায়ার সার্ভিসের লোকজনও আগুন নেভাতে আসছে না।

আমিন নেমের নামে এক মানবাধিকার কর্মী বলেন, “জোর করে শহর থেকে লোকজনকে বের করে দেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এসব মানুষ কোথায় যাবেন তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।”

বিধ্বস্ত আওয়ামিয়া

আওয়ামিয়া শহরটি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ এলাকায় অবস্থিত। শহরটএক গত মে মাস থেকে সৌদি সামরিক বাহিনী অবরুদ্ধ করে রেখেছে এবং ওই সময় থেকে আল-মোসারা ধ্বংস করা শুরু করেছে তারা।

সৌদি সরকার দাবি করছে, মোসারা এলাকাকে সন্ত্রাসীরা তাদের আস্তানা বানিয়েছে এবং পূর্বাঞ্চলীয় এলাকায় মোতায়েন নিরাপত্তা বাহিনীর ওপর সেখান থেকে তারা হামলা চালাচ্ছে। কিন্তু স্থানীয় অধিবাসীরা ও জাতিসংঘ বলছে, শিয়া মুসলমান অধ্যুষিত মোসারা শহরের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করার চেষ্টা করছে সৌদি সরকার। গত কয়েকদিনে শহরটিতে অন্তত আটজন নিহত হয়েছেন। স্থানীয় লোকজন বলছেন, শিয়া মুসলমান অধ্যুষিত শহরটিকে ধ্বংস করার জন্য সরকার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪