১৪ শিয়া মুসলমানের প্রাণদণ্ড কার্যকরে অনড় সৌদি আরব
সৌদি আরব দেশটির ১৪ শিয়া মুসলমানের প্রাণদণ্ড কার্যকর করার বিষয়ে অনড় মনোভাব প্রকাশ করছে। নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করে প্রহসনমূলক বিচারে তাদের প্রাণদণ্ড দেয়া হয়েছে বলে যে সমালোচনার ঝড় বইছে তা উপেক্ষা করে রায় কার্যকরের একগুঁয়ে মনোভাব প্রকাশ করছে রিয়াদ।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ’তে প্রকাশিত এক বিবৃতিতে এ মনোভাব প্রকাশিত হয়েছে। বিবৃতিতে সৌদি আইন মন্ত্রণালয়ের মুখপাত্র মানসুর আল-কাফারি দাবি করেছেন, আন্তর্জাতিক সব রীতিনীতি মেনেই ১৪ ব্যক্তিকে প্রাণদণ্ড দিয়েছে দেশটির বিশেষ ফৌজদারি আদালত। আদালতের শুনানিতে সংবাদ মাধ্যম এবং মানবাধিকার পর্যবেক্ষকদের অবাধ যাতায়াতের সুযোগ ছিল বলেও দাবি করেন তিনি।
গত বছর সৌদি আরবের গোলযোগপূর্ণ প্রদেশ কাতিফে পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার কথিত অভিযোগ ১৪ শিয়া মুসলমানকে প্রাণদণ্ড দেয়া হয়। এ রায় বহাল রেখেছে দেশটির বিশেষ ফৌজদারি আদালত। এরইমধ্যে এ নির্দয় রায় কার্যকর করার জন্য হতভাগ্য ১৪ ব্যক্তিকে রাজধানী রিয়াদে নিয়ে যাওয়া হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/৫