সংকট নিরসনের লক্ষ্যে ইইউ'র ভূমিকাকে স্বাগত জানাব: ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i43800-সংকট_নিরসনের_লক্ষ্যে_ইইউ'র_ভূমিকাকে_স্বাগত_জানাব_ইয়েমেন
দারিদ্র্যপীড়িত ইয়েমেনের চলমান সংকট নিরসনের লক্ষ্যে যেকোনো পদক্ষেপকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম রাজনৈতিক কাউন্সিল। একই সঙ্গে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে কাউন্সিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৯, ২০১৭ ১৩:৩৩ Asia/Dhaka
  • ইয়েমেনের সুপ্রিম কাউন্সিলের প্রধান সালেহ আলী আল সামাদ
    ইয়েমেনের সুপ্রিম কাউন্সিলের প্রধান সালেহ আলী আল সামাদ

দারিদ্র্যপীড়িত ইয়েমেনের চলমান সংকট নিরসনের লক্ষ্যে যেকোনো পদক্ষেপকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম রাজনৈতিক কাউন্সিল। একই সঙ্গে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে কাউন্সিল।

গতকাল (মঙ্গলবার) ইয়েমেন সফরত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান এন্তোনিয়া কালবো পুয়েরতার সঙ্গে বৈঠকে দেশটির সুপ্রিম কাউন্সিলের প্রধান সালেহ আলী আস-সামাদ এসব মন্তব্য করেন। ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা নেট এ খবর দিয়েছে।   

বৈঠকে সামাদ জোরালো আশা করেন, ইয়েমেনি জনগণের ওপর চাপিয়ে দেয়া চরম দুঃখ-দুর্দশা আন্তর্জাতিক সমাজের নজরে আনতে ইউরোপীয় ইউনিয়ন কার্যকরী ভূমিকা পালন করবে। এসময় সামাদ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইইউ'র প্রভাব ও ক্ষমতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইয়েমেন সংকট নিরসনের লক্ষ্যে জাতিসংঘের উচিত তৃতীয় কোনো পক্ষের চাপ ছাড়াই ইতিবাচক এবং গঠনমূলক ভূমিকা পালন করা।

ইয়েমেনের এ কর্মকর্তা তার দেশের জনগণের কষ্ট ও দুর্ভোগ লাঘবে ইইউ'কে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে বসবাস করা নাগরিকদেরকে তাকফিরি দায়েশ এবং আল-কায়েদার নৃসংশতার কবল থেকে রক্ষা করতে ইইউ কার্যকরী ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/৯