সৌদিতে মৃত্যুদণ্ডের ঝুঁকির মুখে ১৪ শিয়া মুসলমান: হিউম্যান রাইটস ওয়াচ
https://parstoday.ir/bn/news/west_asia-i43854-সৌদিতে_মৃত্যুদণ্ডের_ঝুঁকির_মুখে_১৪_শিয়া_মুসলমান_হিউম্যান_রাইটস_ওয়াচ
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ সতর্ক করে বলেছে, সৌদি আরবে ১৪ জন শিয়া মুসলমান মৃত্যুদণ্ডের ঝুঁকির মুখে রয়েছেন এবং তাদেরকে শিগগিরি মৃত্যুদণ্ড দেয়া হতে পারে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ১০, ২০১৭ ১২:৩৩ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ সতর্ক করে বলেছে, সৌদি আরবে ১৪ জন শিয়া মুসলমান মৃত্যুদণ্ডের ঝুঁকির মুখে রয়েছেন এবং তাদেরকে শিগগিরি মৃত্যুদণ্ড দেয়া হতে পারে।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট জুলাই মাসের মাঝামাঝি সময়ে অস্বচ্ছ বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর এইচআরডাব্লিউ এ সতর্কতা উচ্চারণ করল। মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া ১৪ ব্যক্তির পরিবার জানিয়েছে, কোনো ব্যাখ্যা ছাড়াই গত ১৫ জুলাই তাদেরকে দাম্মাম থেকে রিয়াদের হায়ির কারাগারে নেয়া হয়েছে। এর মধ্যে কয়েকজনকে নির্জন কারাকক্ষে রাখা হয়েছে এবং তারা বাইরের জগতের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারছে না।

সৌদি আরবের পূর্বাঞ্চলে বিক্ষোভ করার দায়ে যে ২৪ জনের গণবিচার হয়েছিল তাদের মধ্যে এই ১৪ জন ছিলেন। গত বছরের জুন মাসে সৌদি আরবের বিশেষ আদালতে তাদের বিচার করা হয় যার নাম দেয়া হয়েছিল ‘কাতিফ ২৪’। আদালতে বন্দীদের যে জবানবন্দী জমা দেয়া হয়েছে এসব ব্যক্তি তা অস্বীকার করে বলেছেন, নির্যাতনের মুখে তাদের কাছ থেকে ওই জবানবন্দী আদায় করা হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০