ইসরাইল সৃষ্টি: ব্রিটেনের বিরুদ্ধে মামলা করবে ফিলিস্তিন
-
নাবিল সাথ (ফাইল ফটো)
অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইল সৃষ্টির জন্য ব্রিটেনের বিরুদ্ধে মামলা করবে ফিলিস্তিন। ইসরাইল সৃষ্টির বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বুধবার গর্ব প্রকাশের পর মামলা করার কথা বলেছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সহযোগী নাবিল সাথ।
তিনি গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, ফিলিস্তিনি জনগণকে উদ্বাস্তু করার জন্য ব্রিটেনের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা নেয়া হয়েছে। ব্রিটিশ ও আন্তর্জাতিক আদালতে এসব মামলা করা হবে বলে তিনি জানান। লেবাননের আল-মায়েদিন টেলিভিশনকে দেয়া সক্ষাৎকারে নাবিল সাথ এসব কথা জানিয়েছেন।
এর একদিন আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে কুখ্যাত বেলফোর ঘোষণার পক্ষে সাফাই গেয়ে বলেছিলেন, ইসরাইল সৃষ্টি করে ব্রিটেন গর্বিত এবং ইসরাইলের প্রতি লন্ডনের সমর্থন অব্যাহত থাকবে। তিনি আরো ঘোষণা দিয়েছেন, আগামী ২ নভেম্বর বেলফোর ঘোষণার শতবার্ষিকী উদযাপন করবে ব্রিটেন।
এ প্রসঙ্গে নাবিল সাথ বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর এসব বক্তব্যের কারণে লন্ডনের সঙ্গে ফিলিস্তিনের সম্পর্কে টানাপড়েন দেখা দিতে পারে। তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার জন্য ব্রিটেনের প্রতি আহ্বান জানান।
১৯১৭ সালের ২ নভেম্বর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস আর্থার বেলফোর ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য কথিত আবাসভূমি বা রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ব্রিটেনের অবস্থানের কথা ঘোষণা করেন। কলঙ্কজনক ওই ঘোষণা ‘বেলফোর ঘোষণা’ নামে পরিচিত।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭