ইসরাইলের পরমাণু অস্ত্রের বিষয়ে পশ্চিমারা অন্ধ আচরণ করছে: সিরিয়া
-
বাশার আল-জাফারি
ইহুদিবাদী ইসরাইলকে পরমাণু বোমার তৈরির উপাদান ও প্রযুক্তি সরবরাহ করায় পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়া রাষ্ট্রদূত বাশার আল-জাফারি। তিনি বলেছেন, পশ্চিমা দেশগুলোর এই পদক্ষেপের কারণে ইসরাইল পরমাণু শক্তি অর্জন করেছে এবং এখন তা গোটা মধ্যপ্রাচ্যের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।
গতকাল (শুক্রবার) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাশার আল-জাফারি এসব কথা বলেছেন। এসময় তিনি ইসরাইলের কাছে বিনা মূল্যে পরমাণু শক্তিচালিত জার্মান সাবমেরিন সরবরাহ করার কথাও তুলে ধরেন। তিনি জানান, এসব সাবমেরিন থেকে পরমাণু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায়।
বাশার আল-জাফারি বলেন, ইসরাইলের পরমাণু অস্ত্রের বিষয়ে পশ্চিমা দেশগুলো অন্ধ আচরণ করছে যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আরো বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা করার বিষয়টি প্রত্যাখ্যান করে ইসরাইল এ কথাই প্রমাণ করেছে যে, তেল আবিব এখনো পরমাণু অস্ত্র তৈরি করছে এবং আন্তর্জাতিক নজরদারি না থাকায় পরমাণু কর্মসূচিতে সামরিক সক্ষমতা অর্জন করেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১