সিরিয়ার ড্রোন ভূপাতিত করার দাবি করল ইসরাইল
-
ইসরাইলের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, অধিকৃত গোলান মালভূমিতে সিরিয়ার একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। তারা বলছে, সিরিয়ার বিমান বাহিনী ড্রোনটি পরিচালনা করছিল।
ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল জোনাথন কনরিকাস আজ (শনিবার) এক বিবৃতিতে বলেছে, একটি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটিকে ভূপাতিত করা হয়।
জেনারেল জোনাথন কনরিকাস জানান, "এটি ছিল নজরদারির ড্রোন; অ্যাটাক ড্রোন নয়। আমরা এখন পরীক্ষা করে দেখছি যে, এ ড্রোনের সঙ্গে ইরান অথবা হিজবুল্লাহর কোনো সম্পর্ক আছে কিনা?" ইসরাইলের যুদ্ধ বিষয়ক মন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেন, বিষয়টিকে তেল আবিব গুরুত্বের সঙ্গে দেখছে এবং যেকোনো উসকানির জবাব দেবে।
গত কয়েক বছর ধরে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার ওপর দফায় দফায় হামলা চালিয়ে আসছে। সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের চরম পরাজয়কে ঠেকাতে এসব হামলা চালানো হয়েছে বলে মনে করা হয়। সন্ত্রাসীরা ইসরাইল থেকে চিকিৎসাসহ সব রকমের সমর্থন পেয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১