চাপা ক্ষোভ নিয়েই রাজা সালমানকে স্যালূুট দিলেন হারিরি: ভিডিও
সৌদি আরবের রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত টেলিভিশনে এক ভিডিও ফুটেজে দেখা গেছে, লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী সা'দ হারিরি সৌদি রাজা সালমানকে অভিবাদন জানানোর জন্য অন্যান্য অতিথির সঙ্গে অপেক্ষা করছেন।
গতকাল (শনিবার) প্রকাশিত ওই ভিডিও চিত্রে দেখা যাচ্ছে, "রাজা সালমান মদিনা থেকে ফেরার পর এক রাষ্ট্রীয় অভ্যর্থনা অনুষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তারা ধারাবাহিকভাবে রাজাকে কুর্নিশ এবং তার হাতে চুমো দিচ্ছেন। তখন দেখা যাচ্ছে, হারিরি লাইনে দাঁড়িয়ে আছেন এবং রাজার কাঁধে প্রথাগত চুমো দেয়ার রীতিনীতি সম্পূর্ণ না করেই তিনি তার অভিবাদন শেষ করছেন।" এসময় হারিরিকে বেশ হতাশাগ্রস্ত দেখা গেছে।
গত ৪ নভেম্বর শনিবার সৌদি আরব সফরে গিয়ে টেলিভিশনে দেয়া ভাষণের মাধ্যমে সাদ হারিরি লেবাননের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং এখন সেখানেই তিনি অবস্থান করছেন। এসময় তিনি লিখিত বক্তব্যে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
এদিকে, হারিরির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, "সৌদি আরব সিদ্ধান্তে পৌছেছে যে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে মোকাবেলায় অনিচ্ছা প্রকাশ করার কারনে সাদ হারিরিকে আগেই ক্ষমতা থেকে সরে দাঁড়ানো উচিত ছিল।"
ওই সূত্রটি আরো বলেছে, লেবাননের প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার আগে সাদ হারিরি সৌদি কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। তিনি বলেন, "ওই সব বৈঠকে যা ঘটে থাকতে পারে সে ব্যাপারে আমার বিশ্বাস হলো, হারিরি সৌদি কর্মকর্তাদের এ কথা বোঝানোর চেষ্টা করেন যে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে গেলে লেবানন অস্থিতিশীল হয়ে উঠবে। আমার বিশ্বাস, সৌদি কর্মকর্তারা তার বক্তব্যে খুশি হতে পারে নি। ফলে যা ঘটার তাই ঘটেছে।"#
পার্সটুডে/বাবুল আখতার/১২