গাজায় টানা দ্বিতীয় দিনে ইসরাইলি বিমান হামলা
-
ইসরাইলি জঙ্গি বিমানের হামলা
ফিলিস্তিনের গাজায় আজ (শনিবার) টানা দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, আজ গাজায় হামাসের একটি ভবনে বিমান হামলা চালানো হয়েছে। তবে আজকের হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা স্পষ্ট নয়।
গতকালও হামাসের একটি অবস্থানে হামলা চালানো হয়েছে বলে ইসরাইল জানিয়েছে। তারা বলেছে, গতকাল যেখানে হামলা চালানো হয়েছে সেটি ছিল হামাসের একটি পর্যবেক্ষণ কেন্দ্র।
দখলদার ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, গাজা থেকে ইসরাইলে একটি রকেট নিক্ষেপ করার পর তারা বিমান হামলা শুরু করেছে। গাজা থেকে নিক্ষিপ্ত রকেটের আঘাতে ইসরাইলের কোনো ক্ষয়ক্ষতি না হলেও ইহুদিবাদীদের বিমান হামলায় ফিলিস্তিনিদের ক্ষতি হয়েছে।
বার্তাসংস্থা এএফপি স্থানীয় বাসিন্দা মুহাম্মাদ আবু জারাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসরাইলি হামলার কারণে তারা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ইসরাইলি বিমান থেকে তাদের এলাকায় দু'টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।
এদিকে, ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। একজন ফিলিস্তিনিকে আটকের জন্য কয়েকটি সামরিক যান নিয়ে শহরে ঢুকেছে দখলদারেরা। সেখানে ফিলিস্তিনিদের সঙ্গে ইহুদিবাদী সেনাদের সংর্ষে পাঁচ জন আহত হয়েছে। এছাড়া অন্তত তিনজনকে ধরে নিয়ে গেছে তারা।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪