এফ-১৬ ভূপাতিত; নতুন পর্যায়ে পৌঁছেছে লড়াই: হিজবুল্লাহ
-
অধিকৃত ফিলিস্তিনের হারদুুফ এলাকায় ভূপাতিত ইসরাইলি বিমানের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে
ইহুদিবাদী ইসরাইলের এফ-১৬ জঙ্গিবিমান ভূপাতিত করার মধ্যদিয়ে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও কৌশলগত লড়াই নতুন পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সিরিয়ার সামরিক ও বেসামিরক স্থাপনায় ইসরাইলের অব্যাহত আগ্রাসনেরও নিন্দা জানিয়েছে সংগঠনটি।
হিজবুল্লাহ বলেছে, এ ঘটনার পর ইসরাইলি বিমানের সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনের ঘটনা সীমিত হবে। আজ (শনিবার) সন্ধ্যায় এক বিবৃতিতে এসব কথা বলেছে লেবাননের এ সংগঠনটি। ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমানের অব্যাহত শত্রুতামূলক আগ্রাসনের বিরুদ্ধে সিরিয়ার সামরিক বাহিনীর সতর্ক নজরদারিরও প্রশংসা করেছে হিজবুল্লাহ।
বিবৃতিতে আরো বলা হয়েছে, “আজকের ঘটনার মধ্যদিয়ে পুরনো হিসাব-নিকাশের সুস্পষ্ট অবসান হয়েছে। সিরিয়ার জনগণের ভূমি, দেশটির সার্বভৌমত্ব ও বৈধ অধিকারের প্রতি আমরা সুদৃঢ় সমর্থন জানাচ্ছি।”
এর আগে আজ সকালের দিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিরিয়ার একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দেশের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি ইসরাইলি এফ-১৬ বিমান ভূপাতিত করা হয়েছে। সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে বিমানটি ভূপাতিত করা হয়।
সিরিয়ার একটি সরকারপন্থি জোট এক বিবৃতিতে বলেছে, এখন থেকে ইসরাইল তার সন্ত্রাসবাদী তৎপরতার জন্য মারাত্মক জবাব পাবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০