সামরিক বাজেটে রাশিয়াকে ছাড়িয়ে গেল সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i56686-সামরিক_বাজেটে_রাশিয়াকে_ছাড়িয়ে_গেল_সৌদি_আরব
ইয়েমেনে নিজের ছড়িয়ে দেয়া যুদ্ধ সামাল দিতে গিয়ে সামরিক খাতে ব্যয়ের দিক দিয়ে রাশিয়াকে ছাড়িয়ে গেল সৌদি আরব। সামরিক বাজেট বরাদ্দর দিক দিয়ে রিয়াদ বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশে পরিণত হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ০৩, ২০১৮ ০২:৩৭ Asia/Dhaka
  • সৌদি রাজা সালমান ও যুবরাজ মোহাম্মাদ বিন সালমান
    সৌদি রাজা সালমান ও যুবরাজ মোহাম্মাদ বিন সালমান

ইয়েমেনে নিজের ছড়িয়ে দেয়া যুদ্ধ সামাল দিতে গিয়ে সামরিক খাতে ব্যয়ের দিক দিয়ে রাশিয়াকে ছাড়িয়ে গেল সৌদি আরব। সামরিক বাজেট বরাদ্দর দিক দিয়ে রিয়াদ বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশে পরিণত হয়েছে।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই বুধবার এক নয়া প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানিয়েছে। এটি বলেছে, সৌদি আরব ২০১৭ সালে সামরিক খাতে ৬৯.২ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে যা তার আগের বছরের তুলনায় ৯.২ শতাংশ বেশি।  এ ছাড়া, এই ব্যয় দেশটির মোট জিডিপি’র শতকরা ১০ ভাগ।

সৌদি আরব যখন সামরিক খাতে ৬৯ বিলিয়ন ডলার অর্থ খরচ করেছে তখন একই বছর রাশিয়ার সামরিক খাতে ব্যয় ছিল ৬৬ বিলিয়ন ডলার। একই খাতে ফ্রান্স খরচে করেছে ৫৭ বিলিয়ন ডলার, ভারতের ব্যয় ছিল ৬৩ বিলিয়ন ডলার এবং ব্রিটেন খরচ করেছে মাত্র ৪৭ বিলিয়ন মার্কিন ডলার।

সামরিক বাজেট বাড়িয়ে ইয়েমেনকে ধ্বংস করে যাচ্ছে সৌদি আরব

তবে যথারীতি সামরিক বাজেটের দিক দিয়ে আমেরিকা ৬০৯ বিলিয়ন ডলার খরচ করে নিজের শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ হিসেবে ২০১৭ সালে চীনের সামরিক বাজেট ছিল ২২৮ বিলিয়ন ডলার।

এসআরপিআরআই’র বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, সৌদি আরবের মতো দেশের সামরিক ব্যয় মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার ঘটনা মোটেই ভালো লক্ষণ নয়।

ইনস্টিটিউটের অন্যতম গবেষক পিটার ওয়েজম্যান বলেছেন, তেলের দাম কমে যাওয়া সত্ত্বেও মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত ও অস্ত্র প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে যা মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩