নিরাপত্তা পরিষদের প্রার্থীতা প্রত্যাহার করল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i56790-নিরাপত্তা_পরিষদের_প্রার্থীতা_প্রত্যাহার_করল_ইসরাইল
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচন করার প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে ইহুদিবাদী ইসরাইল। নির্বাচনে বিজয়ী হওয়ার ক্ষীণ সম্ভাবনা থেকে ইসরাইল এ পদক্ষেপ নিয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ০৫, ২০১৮ ০৯:৪৫ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচন করার প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে ইহুদিবাদী ইসরাইল। নির্বাচনে বিজয়ী হওয়ার ক্ষীণ সম্ভাবনা থেকে ইসরাইল এ পদক্ষেপ নিয়েছে।

জতিসংঘে ইসরাইলের মিশন বলেছে, “মিত্রদের সঙ্গে পরামর্শ করার পর তেল আবিব নিরাপত্তা পরিষদের নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।” তবে প্রার্থীতা প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ জানায় ইসরাইলি মিশন।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক জতিসংঘের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বিজয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ হওয়ায় ইসরাইল নিরাপত্তা পরিষদের অস্থায়ী আসনের প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছে।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য রয়েছে। বাকি ১০টি অস্থায়ী সদস্য দেশ দুই বছরের জন্য নির্বাচিত হয়। এর মধ্যে পাঁচটি আসনের জন্য এ বছর নির্বাচন হচ্ছে। আগামী মাসে এ নির্বাচন হবে এবং পশ্চিমা ব্লকের সদস্য হিসেবে ইসরাইল, জার্মানি ও বেলজিয়াম দুটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিল। আরব ও মুসলিম দেশগুলোর তীব্র বিরোধিতার মুখে ইসরাইল এ নির্বাচন থেকে সরে গেছে বলে মনে করা হচ্ছে।

চলতি মাসের প্রথম দিকে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি বলেছেন, ইসরাইলের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তারা যে প্রচারণা চালাচ্ছেন তা ইউরোপের দেশগুলোরও সমর্থন পাচ্ছে। তিনি বলেন, যে ইসরাইলের হাতে প্রতিদিন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লংঘিত হচ্ছে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বসে বিশ্বের শান্তি ও বিভিন্ন জাতির ভাগ্য নির্ধারণ করতে পারে না।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫