নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন আমিরাত ও বাহরাইনের রাষ্ট্রদূত: এপি
-
বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং ইউসুফ আল-উতাইবা
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন আমেরিকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের রাষ্ট্রদূত। গত মার্চ মাসে রাজধানী ওয়াশিংটনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
এ সাক্ষাতের মাধ্যমে আবারো পরিষ্কার হলো যে, তেল আবিব ও কিছু আরব দেশের মধ্যে গোপন সম্পর্ক রয়েছে।
এপি’র খবরে বলা হয়েছে, ইসরাইলি লবির বার্ষিক সম্মেলনে যোগ দিতে নেতানিয়াহু মার্চে ওয়াশিংটনে গিয়েছিলেন এবং সেসময় তার সঙ্গে সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসুফ আল-উতাইবা এবং বাহরাইনের রাষ্ট্রদূত শেখ আবদুল্লাহ বিন রাশিদ বিন আবদুল্লাহ আলে খলিফা।
প্রকাশিত খবর অনুসারে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তার সঙ্গে উতাইবা ও শেখ আবদুল্লাহ একটি রেস্টুরেন্টে রাতের খাবার খান যেখানে নেতানিয়াহু উপস্থিত ছিলেন এবং বিষয়টি তারা আগে থেকেই জানতেন। রাতের খাবার খাওয়ার অবসরে আমিরাতের রাষ্ট্রদূত নেতানিয়াহু ও তার স্ত্রী সারাহ’র সঙ্গে দেখা করেন।
এপি’র খবরে আরো বলা হয়েছে, “নেতানিয়াহু ও তার স্ত্রীর সঙ্গে দুই রাষ্ট্রদূতের কথা হয়, ইরান সম্পর্কে তারা কিছু প্রশ্নের জবাব দেন। অস্বাভাবিক পরিস্থিতি নিয়ে এসময় সেখানে হাসাহাসি হয় এবং নেতানিয়াহু দুই রাষ্ট্রদূতের সঙ্গে হ্যান্ডশেক করেন। এরপর রাষ্ট্রদূতরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যান।”#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩