নিরাপদেই চলছে হুদায়দা বিমান বন্দরের কার্যক্রম: ইয়েমেনের সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i59468-নিরাপদেই_চলছে_হুদায়দা_বিমান_বন্দরের_কার্যক্রম_ইয়েমেনের_সেনাবাহিনী
ইয়েমেনের সেনাবাহিনী ও গণবাহিনী ঘোষণা করেছে, হুদায়দা বিমান বন্দর এখনও পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং বিমান বন্দরের নিরাপত্তা ক্ষেত্রে কোনো ধরণের সমস্যা তৈরি হয় নি। আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনা মুখপাত্র শারাফ লুকমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
জুন ২৪, ২০১৮ ১৯:৪৭ Asia/Dhaka
  • হুদায়দা বিমান বন্দর
    হুদায়দা বিমান বন্দর

ইয়েমেনের সেনাবাহিনী ও গণবাহিনী ঘোষণা করেছে, হুদায়দা বিমান বন্দর এখনও পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং বিমান বন্দরের নিরাপত্তা ক্ষেত্রে কোনো ধরণের সমস্যা তৈরি হয় নি। আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনা মুখপাত্র শারাফ লুকমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এরইমধ্যে হুদায়দা এলাকায় আগ্রাসীরা ঘেরাও হয়ে পড়েছে বলেও তিনি জানিয়েছেন। শারাফ লুকমান বলেছেন, হুদায়দায় শত্রুদের পরাজয় এখন নিশ্চিত। তাদের মনস্তাত্ত্বিক যুদ্ধও ব্যর্থ হয়েছে। সৌদি আরবের জেদ্দায় সৌদি জোটের দেশগুলোর তথ্যমন্ত্রীদের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, হুদায়দায় নিজেদের ব্যর্থতা ঢাকতেই এই বৈঠকের আয়োজন করা হয়। 

এ পর্যন্ত অন্তত দুই দফায় সৌদি জোট হুদায়দা বিমান বন্দর দখলের মিথ্যা দাবি প্রচার করেছে। প্রতি বারই ইয়েমেনের সেনাবাহিনী এই দাবি নাকচ করে দিয়েছে। 

হুদায়দা সমুদ্রবন্দর থেকে হুদায়দা বিমানবন্দরের অবস্থান মাত্র আট কিলোমিটার দূরে। হুদায়দা সমুদ্রবন্দর দিয়ে দুই-তৃতীয়াংশ আমদানি পণ্য ইয়েমেনে প্রবেশ করে থাকে। এছাড়া, আন্তর্জাতিক অঙ্গন থেকে যে সামান্য কিছু ত্রাণ সহায়তা ইয়েমেনে আসে তাও এ বন্দর দিয়েই আসে।

বন্দরটির দখল নিতে মরিয়া হয়ে উঠেছে সৌদি জোট। হুদায়দা আগ্রাসনে নেতৃত্ব দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব ও তার মিত্ররা বিমান সমর্থন দিচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪