আমেরিকা পরাজিত শক্তি, তাদের শর্ত মূল্যহীন: হিজবুল্লাহ
-
শেইখ নাঈম কাসেম
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নাঈম কাসেম বলেছেন, সিরিয়ায় পরাজিত শক্তি আমেরিকা ইরানের সামরিক উপদেষ্টা ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের জন্য শর্তারোপ করতে পারে না। তারা সিরিয়ায় সন্ত্রাসীদের পক্ষে অবস্থান নিয়ে পরাজিত হয়েছে। আমেরিকা ইরানি উপদেষ্টা ও হিজবুল্লাহর যোদ্ধাদের প্রত্যাহারের দাবি জানানোর অবস্থায় নেই বলে তিনি জানান।
লেবাননের দৈনিক আল-আখবার খবর দিয়েছে, মার্কিন নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের একটি প্রতিনিধিদল সম্প্রতি সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিশেষ নিরাপত্তা উপদেষ্টা আলী মামলুকের সঙ্গে বৈঠক করেছেন।
চার ঘণ্টার বৈঠকে তারা বলেছে, তিনটি শর্ত মানা হলেই কেবল আমেরিকা সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবে। এর একটি শর্ত হচ্ছে, সিরিয়ার দক্ষিণাঞ্চল থেকে ইরানি সামরিক উপদেষ্টাদের প্রত্যাহার করতে হবে। এই অঞ্চলটি ইহুদিবাদী ইসরাইলের দখলীকৃত গোলান মালভূমির কাছে অবস্থিত।
হিজবুল্লাহর উপ-মহাসচিব এ প্রসঙ্গে বলেছেন, মার্কিন শর্তের কোনো মূল্য নেই। কারণ সিরিয়ায় আমেরিকা পরাজিত হয়েছে। সন্ত্রাসীদের পক্ষ নিয়ে পরাজিত হওয়ার পর এখন শর্তারোপের অধিকার তাদের নেই।
মার্কিন মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজয়ে সিরিয়ার সেনাবাহিনীকেও শুভেচ্ছা জানান হিজবুল্লাহর এই নেতা। তিনি বলেন, প্রতিরোধ শক্তির বিজয় অব্যাহত থাকবে। সৌদি আরবের নীতি-অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, সৌদি আরব আমেরিকাকে মিত্র ভাবছে। কিন্তু অদূর ভবিষ্যতেই সৌদি আরব সবচেয়ে বড় আঘাতের শিকার হবে আমেরিকার পক্ষ থেকে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন