তিন দিনের ব্যবধানে দ্বিতীয় ইসরাইলি মন্ত্রীর আবুধাবি সফর
-
ইসরাইলের যোগাযোগমন্ত্রী আইয়ুব কারা
কুদস দখলদার ইহুদিবাদী ইসরাইলের আরেকজন মন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন। আমিরাতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক টেলিযোগাযোগ বিষয়ক এক সম্মেলনে অংশ নিতে ইসরাইলের যোগাযোগমন্ত্রী আইয়ুব কারা মঙ্গলবার দুবাই পৌঁছান।
মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো মুসলমানদের প্রথম ক্বেবলা দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে চেষ্টা চালাচ্ছে তার অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে ইসরাইলের ক্রীড়া ও সংস্কৃতিমন্ত্রী মিরি রেগেভ গত ২৬ অক্টোবর একটি প্রতিনিধিদল নিয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে যান।
সাম্প্রতিক সময়ে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আরব আমিরাতের নিরাপত্তা সহযোগিতাও ব্যাপকভাবে বেড়ে গেছে। সম্প্রতি মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস লিখেছে, সংযুক্ত আরব আমিরাত আরব নেতাদের টেলিফোনে আড়ি পাতার কাজে ইসরাইলকে সহযোগিতা করেছে। আবু ধাবির সহযোগিতায় তেল আবি যাদের টেলিফোনে আড়ি পেতেছে তাদের মধ্যে কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানি রয়েছে।
আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক ঘনিষ্ঠ করার অংশ হিসেবে গত ২৫ অক্টোবর ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওমান সফর করেন। গোপনে ওই সফর অনুষ্ঠিত হওয়ার পরদিন সুলতান কাবুসের সঙ্গে নেতানিয়াহুর সাক্ষাতের খবর ছবিসহ প্রকাশ করে মাস্কাট।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১