গাজায় আবার হামলা হলে তেল আবিবকে টার্গেট করা হবে: হামাসের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/west_asia-i65892-গাজায়_আবার_হামলা_হলে_তেল_আবিবকে_টার্গেট_করা_হবে_হামাসের_হুঁশিয়ারি
ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারো হামলা চালালে এরপর এর রাজধানী তেল আবিবকে টার্গেট করা হবে বলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস কড়া হুঁশিয়ারি দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৭, ২০১৮ ১৩:১২ Asia/Dhaka
  • হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার
    হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার

ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারো হামলা চালালে এরপর এর রাজধানী তেল আবিবকে টার্গেট করা হবে বলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস কড়া হুঁশিয়ারি দিয়েছে।

গতকাল (শুক্রবার) খান ইউনিস শহরে সাম্প্রতিক সময়ে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে  শহীদ ফিলিস্তিনিদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ফিলিস্তিনি প্রতিরোধকামী শক্তিগুলোর ধৈর্যের পরীক্ষা না নিতে তেল আবিবকে সতর্ক করে দিয়েছেন।

হামাস নেতা বলেন, "আমি ইসরাইলকে উপদেশ দেব তারা যেন আর আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়ার চেষ্টা না করেন। এ যাত্রায় ফিলিস্তিনিদের পাল্টা হামলায় হয়ত অনেক ইসরাইলি সেনার প্রাণহানির ঘটনা ঘটে নি এবং তোমাদের বিশেষ বাহিনীকে হয়ত সুরক্ষা দেয়া সম্ভব হয়েছে।" তিনি  আরো বলেন, "গাজায় আবার হামলা চালানোর দুঃসাহস দেখাবেন না। কারণ সেক্ষেত্রে হয়ত হাজার হাজার কারাবন্দি ফিলিস্তিনিকে মুক্তি দিতে বাধ্য হবেন।"

সিনওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরাইলি সেনারা আবার গাজা উপত্যকায় প্রবেশ করলে তাদেরকে হাজার হাজার বন্দির বিনিময়ে ফিরে যেতে হবে। ইসরাইলি সেনারা গত রোববার রাতে গাজা উপত্যকায় অনুপ্রবেশ করে হামাসের একজন কমান্ডারসহ সাত ফিলিস্তিনিকে হত্যা করে। পরবর্তীতে ইসরাইলি সেনাদের হামলায় আরো ছয় ফিলিস্তিনি শহীদ হন। এই আগ্রাসনের জবাবে গত কয়েকদিনে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা গাজা সংলগ্ন ইসরাইলি বসতিগুলো লক্ষ্য করে অন্তত ৫০০ রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। এসব হামলায় অন্তত দুই ইহুদিবাদী নিহত ও বহু লোক আহত হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৭