হামাস বিরোধী প্রস্তাব পাসের মার্কিন প্রচেষ্টা রুখে দিন: জাতিসংঘকে হানিয়া
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে প্রস্তাব পাসের মাধ্যমে আমেরিকা যে আগ্রাসী পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে তার নিন্দা জানাতে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছ সংগঠনটি। একইসঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের ঘৃণ্য দখলদারিত্ব অবসান ঘটানোর জন্য ব্যবস্থা নিতে সংস্থাটির প্রতি আহ্বান জানিয়েছে হামাস।
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট মারিযা ফার্নেন্দা এস্পোনিসার কাছে লেখা চিঠিতে হামাসের রাজনৈতি শাখার প্রধান ইসমাঈল হানিয়া ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের কর্মকাণ্ডকে অবৈধ হিসেবে ঘোষণা দেয়ার যে চেষ্টা আমেরিকা চালাচ্ছে তা রুখে দেয়ার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া, চিঠিতে হামাস নেতা বলেন, নিজেদের রক্ষার নৈতিক অধিকার ফিলিস্তিনিদের রয়েছে। হামাসের পরিচয় তুলে ধরে হানিয়া আরো বলেন, ফিলিস্তিনি জাতির পরিপূর্ণ আশা আকাঙ্খা পূরণে তার সংগঠন কাজ করে যাচ্ছে।
হামাসের বিরুদ্ধে প্রস্তাব পাসের লক্ষ্যে ওয়াশিংটন যে চেষ্টা চালাচ্ছে সে বিষয়ে সমর্থন আদায় করতে আমেরিকার কূটনীতিকরা ইউরোপের সমর্থন আদায়ের চেষ্টা করছে বলে জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ডানোন জানানোর পর হামাসের পক্ষ থেকে এ চিঠি দেয়া হলো। আগামী শুক্রবার বা সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদ এ বিষয়ে ভোটাভুটি করবে বলে কথা রয়েছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে রকেট হামলার পাশাপাশি কথিত সন্ত্রাসবাদে মদদ দেয়ার জন্য প্রস্তাবে হামাসের নিন্দা জানানো হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৯
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন