ফাতাহ আন্দোলনের সদস্যদের আটকের দাবি অস্বীকার করল হামাস
-
হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া (ফাইল ছবি)
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এ খবরের সত্যতা অস্বীকার করেছে যে, তারা গাজা উপত্যকায় ফাতাহ আন্দোলনের বেশ কিছু সদস্যকে আটক করেছে।
হামাস সোমবার রাতে এক বিবৃতিতে বলেছে, তাদের নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ফাতাহ আন্দোলনের কোনো সদস্যকে আটক করা হয়নি। তবে গাজার নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ৩৮ ব্যক্তিকে তলব করা হয়েছিল যাদেরকে কয়েক ঘণ্টা পর ছেড়ে দেয়া হয়েছে।
এই ৩৮ ব্যক্তির সবাই ছিল বেসামরিক নাগরিক এবং তাদের কেউ ফাতাহ আন্দোলনের সদস্য ছিল না বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
এর আগে সোমবারই ফাতাহ আন্দোলনের মুখপাত্র আতিফ আবুসাইফ দাবি করেছিলেন, হামাসের নিরাপত্তা বাহিনী রোববার রাত থেকে কয়েক ঘণ্টার মধ্যে তাদের ৫০০ সদস্যকে আটক করেছে। গাজা উপত্যকায় ফাতাহ আন্দোলন যাতে তাদের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে না পারে সেজন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে বলেও আবুসাইফ অভিযোগ করেন।
ফিলিস্তিনের দু’টি প্রতিরোধ আন্দোলন হামাস ও ফাতাহ’র মধ্যে ২০০৭ সালে তীব্র মতবিরোধ তৈরি হয় যা এখনো চলছে। এই মতবিরোধ নিরসনের জন্য এ পর্যন্ত বহুবার বৈঠক ও সমঝোতা হয়েছে। সর্বশেষ গত ১২ অক্টোবর মিশরের রাজধানী কায়রোয় দুই আন্দোলনের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১