ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা মানতে বাধ্য নয় ইরাক: বাগদাদ
-
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আলী আল-হাকিম
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আলী আল-হাকিম বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন সরকার একতরফাভাব যে নিষেধাজ্ঞা দিয়েছে তা মানতে বাধ্য নয় বাগদাদ। তিনি জোর দিয়ে বলেন, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে প্রতিবেশী ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখার কথা বিবেচনা করছে ইরাক।
আলী আল-হাকিম গতকাল (বুধবার) সাংবাদিকদের বলেন, “এই নিষেধাজ্ঞা কিংবা অবরোধ যাই বলা হোক না কেন এটা একতরফা, আন্তর্জাতিক কোনো নিষেধাজ্ঞা নয়। সে কারণে আমরা এটা মেনে চলতে বাধ্য নই।”
তিনি জানান, ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য অব্যাহত রাখার জন্য সম্ভাব্য উপায় খোলা রাখার কথা বিবেচনা করছে বাগদাদ; এর মধ্যে ইরাকি দিনারে বাণিজ্যিক লেনদেন করার বিষয়টিও রয়েছে। ইরানের পাওনা মেটানোর জন্য একটি আলাদা তহবিল সৃষ্টির কথাও জনান ইরাকি পররাষ্ট্রমন্ত্রী।
বর্তমানে ইরান ও ইরাকের মধ্যে দ্বিপক্ষীয় বার্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১,২০০ কোটি ডলারে। শিগগিরি বাণিজ্যের এ পরিমাণ ২,০০০ কোটি ডলারে নেয়ার প্রচেষ্টা চালাচ্ছে দু দেশ।
ইরানের সঙ্গে ১,৪০০ কিলোমিটারের অভিন্ন সীমান্ত রয়েছে ইরাকের। আরব এ দেশটি বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রাকৃতিক গ্যাসের বিষয়ে চরমভাবে ইরানের ওপর নির্ভরশীল। প্রতিদিন ইরান থেকে দেড়শ কোটি ঘন ফুট গ্যাস আমদানি করে ইরাক। এছাড়া, ইরান থেকে বিদ্যুৎ ও প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রীও আমদানি করে থাকে বাগদাদ।#
পার্সটুডে/এসআইবি/৩