ইরান নিয়ে ট্রাম্পের অযৌক্তিক বক্তব্যের কঠোর জবাব দিলেন ইরাকি প্রেসিডেন্ট
-
প্রেসিডেন্ট বারহাম সালিহ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নিয়ে অযৌক্তিক বক্তব্যের আজ (সোমবার) কঠোর প্রতিবাদ করেছেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ। ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, ইরানের প্রতি নজর রাখার জন্য ইরাকে মার্কিন সেনা মোতায়েন রাখা হবে।
তার এ বক্তব্যের কঠোর প্রতিবাদ জানিয়ে প্রেসিডেন্ট সালিহ বলেন, ইরানের প্রতি নজরদারির জন্য ইরাকে মার্কিন সেনা মোতায়েন রাখার বিষয়ে বাগদাদের কোনো অনুমতি নেন নি ট্রাম্প।
তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, মার্কিন সমস্যা চাপিয়ে দিয়ে ইরাককে আরো সমস্যা জর্জরিত করবেন না। ইরাকের মাধ্যমে মার্কিন নীতি বাস্তবায়নের চেষ্টা থেকে বিরত থাকার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে সালিহ আরো বলেন, ইরানসহ অন্যান্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মধ্যে নিহিত রয়েছে ইরাকের মৌলিক স্বার্থ ।
বাগদাদ-ওয়াশিংটন নিরাপত্তা চুক্তির আওতায় ইরাকে মার্কিন সেনা মোতায়েন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ চুক্তিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মার্কিন সেনাদের লড়াইয়ের কথা বলা হয়েছে।
ইরাকে শেষ পর্যন্ত কতজন মার্কিন সেনা মোতায়েন থাকবে এবং তাদের উদ্দেশ্য কি হবে সে বিষয়টি ওয়াশিংটন দ্রুত পরিষ্কার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/৪
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন