আমরা আইআরজিসি'র পাশে আছি: ইরাকের দারুল ইফতা
-
শেইখ আমের আল বায়াতি
ইরাকের দারুল ইফতা জামায়াতে আহলে সুন্নাতের মুখপাত্র শেইখ আমের আল বায়াতি বলেছেন, তারা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র পাশে রয়েছেন। আজ (বৃহস্পতিবার) ইরানের বার্তা সংস্থা ইরনা'র সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র আইআরজিসি'কে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করায় ক্ষুধ্ব প্রতিক্রিয়া জানিয়ে তিনি আরও বলেন, আইআরজিসি নয় বরং আমেরিকা হচ্ছে সন্ত্রাসী। আমেরিকাই সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে।
শেইখ আমের আল বায়াতি বলেন, গোটা বিশ্বের কাছেই এটা স্পষ্ট দায়েশ (আইএস)সহ সন্ত্রাসী গোষ্ঠীগুলো সৃষ্টির পেছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে স্বাধীন জাতিগুলোকে সংকটে ফেলতে চায়। তিনি বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ব্যবহারের পাশাপাশি আমেরিকা ইহুদিবাদী ইসরাইলের সব অপমর্কে উসকানি দিচ্ছে এবং বিভিন্ন দেশে আগ্রাসন চালাচ্ছে ও মানুষকে দারিদ্রের মধ্যে ঠেলে দিয়েছে। এসব কর্মকাণ্ডও সন্ত্রাসবাদ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার আইআরজিসি-কে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ বলে বিবৃতি প্রকাশ করেন। এ সম্পর্কে ইরান বলেছে, যুক্তি ও আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ট্রাম্প রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত এই চটুল পদক্ষেপ নিয়েছেন। কিন্তু মার্কিন প্রশাসনের জানা উচিত যে, তারাই এ অঞ্চলে সন্ত্রাসবাদ, নির্যাতন এবং নিষ্ঠুরতার উৎস।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২