বাহরাইন সম্মেলন বয়কট করুন: আন্তর্জাতিক সমাজের প্রতি ফিলিস্তিন
ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও বাহরাইনে মার্কিন সম্মেলন বয়কট করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে। আগামী ২৫ ও ২৬ জুন মানামায় এ সম্মেলন অনুষ্ঠত হবে এবং একে ফিলিস্তিনিরা তাদের অধিকার বিকিয়ে দেয়ার চক্রান্ত হিসেবে বিবেচনা করছে।
আমেরিকার উদ্যোগে অনুষ্ঠেয় এ সম্মেলনে ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকায় বিনিয়োগ উৎসাহিত করা হবে। কিন্তু ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, এ সম্মেলনের মূল লক্ষ্য হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘শতাব্দির সেরা চুক্তি’ উন্মোচন করা।
এ প্রসঙ্গে পিএলও’র নির্বাহী কমিটি গতকাল (রোববার) এক বিবৃতিতে বলেছে, তারা চূড়ান্তভাবে এ সম্মেলনের বিরোধিতা করছে এবং ওই সম্মেলনে ফিলিস্তিনি জনগণের পক্ষে কোনো ব্যক্তি বা সংগঠনকে যোগ দেয়ার বা আলোচনা করার কর্তৃত্ব দেয়া হয় নি।
পিএলও বলছে, ট্রাম্প যে শান্তি চুক্তি উন্মোচন করতে যাচ্ছেন তার মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বকে বৈধতা দেয়া হবে।#
পার্সটুডে/এসআইবি/২৭