৯৮.৪ শতাংশ ফিলিস্তিনি ডিল অব দ্য সেঞ্চুরির বিরোধী: জরিপ
ফিলিস্তিনের ৯৮.৪ শতাংশ মানুষ আমেরিকার ডিল অব দ্য সেঞ্চুরির বিরোধী। ফিলিস্তিনের গাজার আল-আকসা বিশ্ববিদ্যালয়ের জনমত জরিপ ও গবেষণা কেন্দ্রের জনমত জরিপের ফলাফলে এ তথ্য বেরিয়ে এসেছে।
১৮ থেকে ২৩ জুন পর্যন্ত এ জরিপ পরিচালনা করা হয়েছে। জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, ৯৮.৪ শতাংশ ফিলিস্তিনি সরাসরি ট্রাম্পের ডিল অব দ্য সেঞ্চুরির বিরোধী। তারা বাহরাইনে অনুষ্ঠিত অর্থনৈতিক সম্মেলনেরও নিন্দা জানিয়েছেন।
জরিপের ফলাফলের ভিত্তিতে দৈনিক আল-কুদস আল আরাবি এ খবর দিয়েছে। দৈনিকটি লিখেছে, ৯৯.৩ শতাংশ ফিলিস্তিনি মনে করেন তাদের নিজেদের মধ্যে বিরোধ ডিল অব দ্য সেঞ্চুরি বাস্তবায়নে সহায়তা করছে। এ কারণে নিজেদের মধ্যে বিরোধের অবসান জরুরি।
৯৭.৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা মনে করেন ফিলিস্তিন ইস্যুকে চীরতরে মানুষের মন থেকে মুছে ফেলতেই আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল মিলে এ পরিকল্পনা সামনে এনেছে। এই পরিকল্পনা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ষড়যন্ত্র।
গত মঙ্গল ও বুধবার বাহরাইনের মানামায় ডিল অব দ্য সেঞ্চুরির অর্থনেতিক অংশ নিয়ে সম্মেলন হয়েছে। ডিল অব দ্য সেঞ্চুরিতে বায়তুল মুকাদ্দাসকে স্থায়ীভাবে ইহুদিবাদী ইসরাইলের ভূখণ্ড হিসেবে মেনে নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া বিভিন্ন দেশে আশ্রয় গ্রহণকারী ফিলিস্তিনিরাও আর দেশে ফিরে আসতে পারবেন না। পশ্চিম তীরের কিছু অংশ ও গাজা উপত্যকা নিয়ে ফিলিস্তিন নামের অতি ছোট্ট একটি ভূখণ্ড থাকবে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।