সৌদি বিমানবন্দর ও বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলা
-
সৌদি আরবের আবহা বিমানবন্দর
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের আসির প্রদেশের আবহা বিমানবন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে। সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্রের সামরিক আগ্রাসনের জবাবে ইয়েমেনি সেনারা এসব হামলা চালিয়েছি।
ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল গতকাল (সোমবার) এ খবর জানিয়েছে। হামলার শিকার বিদ্যুৎকেন্দ্রটি আবহা বিমানবন্দর থেকে আট কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। আল-মাসিরা বলছে, ইয়েমেনি সেনারা হামলার কাজে ড্রোন ব্যবহার করে। সম্প্রতি ইয়েমেনের হুথি সমর্থিত সেনারা ড্রোনের সাহায্যে সৌদি আরবের ভেতরে হামলা জোরদার করেছে।
এদিকে, সৌদি জোট দাবি করেছে যে, তারা গতকাল একটি ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি ইয়েমেন থেকে ওড়ানো হয়েছিল এবং কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে নি বলে সৌদি জোট বলেছে। তবে তাদের এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয় নি। এছাড়া, ড্রোনটি কোথায় ভূপাতিত করা হয়েছে তাও পরিষ্কার করে বলা হয় নি।#
পার্সটুডে/এসআইবি/৯