ইরানের বিরুদ্ধে যুদ্ধ হলে গোটা মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i72863-ইরানের_বিরুদ্ধে_যুদ্ধ_হলে_গোটা_মধ্যপ্রাচ্যে_আগুন_জ্বলবে_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরানের বিরুদ্ধে কেউ আগ্রাসন চালালে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলে উঠবে। ইরানের বিরুদ্ধে হামলা হলে গোটা প্রতিরোধ শক্তি যুদ্ধের ময়দানে হাজির হবে বলেও সতর্কবাণী উচ্চারণ করেছে হিজবুল্লাহ।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ১৭, ২০১৯ ০২:৩৫ Asia/Dhaka
  • হিজবুল্লাহ মহাসচিবের ভাষণ টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হয়
    হিজবুল্লাহ মহাসচিবের ভাষণ টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হয়

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরানের বিরুদ্ধে কেউ আগ্রাসন চালালে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলে উঠবে। ইরানের বিরুদ্ধে হামলা হলে গোটা প্রতিরোধ শক্তি যুদ্ধের ময়দানে হাজির হবে বলেও সতর্কবাণী উচ্চারণ করেছে হিজবুল্লাহ।

সংগঠনের মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে ২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধে বিজয়ের ১৩তম বার্ষিকী উপলক্ষে গতকাল (শুক্রবার) এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরান আমেরিকার গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে এবং ব্রিটেনের তেল ট্যাংকার আটক করে নিজের সাহসিকতার প্রমাণ দিয়েছে।

সম্প্রতি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করে এটির ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে ইরান

ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাতে গিয়েও আমেরিকার থেমে যাওয়াকে তেহরানের একটি বিশাল অর্জন বলে উল্লেখ করে সাইয়্যেদ নাসরুল্লাহ। তিনি বলেন, এখান থেকে বোঝা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুটা হলেও ইরানের সামরিক শক্তি আঁচ করতে পেরেছেন।

ইহুদিবাদী ইসরাইল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত’সহ আরো কিছু আঞ্চলিক দেশ মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করছে বলে উল্লেখ করেন হিজবুল্লাহ মহাসচিব। তিনি বলেন, ইয়েমেন ও সিরিয়ায় যুদ্ধ বন্ধের চেষ্টা করার পাশাপাশি লেবানন ও ইরাকে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহ বর্তমানে একটি আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে জানিয়ে সংগঠনটির মহাসচিব ইহুদিবাদী ইসরাইলকে উদ্দেশ করে বলেন, ইসরাইলি সেনারা লেবাননে অনুপ্রবেশ করলে তাদেরকে হত্যা করার দৃশ্য টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হবে। #

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।