ইরানের নীতি সর্বদা প্রতিরোধের সমর্থনের ভিত্তিতে প্রতিষ্ঠিত: সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i158176-ইরানের_নীতি_সর্বদা_প্রতিরোধের_সমর্থনের_ভিত্তিতে_প্রতিষ্ঠিত_সর্বোচ্চ_নেতা
পার্সটুডে - ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়েদ মুজতাবা হোসেইনি খামেনেয়ী লেবাননের হিজবুল্লাহর মহাসচিবের প্রতি এক বার্তায় ইরানের মার্কিন ও ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধের অব্যাহত সমর্থনের ওপর জোর দিয়েছেন।
(last modified 2026-04-01T23:30:04+00:00 )
এপ্রিল ০১, ২০২৬ ১৬:৩৭ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়েদ মুজতাবা হোসেইনি খামেনেয়ী
    ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়েদ মুজতাবা হোসেইনি খামেনেয়ী

পার্সটুডে - ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়েদ মুজতাবা হোসেইনি খামেনেয়ী লেবাননের হিজবুল্লাহর মহাসচিবের প্রতি এক বার্তায় ইরানের মার্কিন ও ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধের অব্যাহত সমর্থনের ওপর জোর দিয়েছেন।

পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, হযরত আয়াতুল্লাহ সাইয়েদ মুজতাবা হোসেইনি খামেনেয়ী লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেমের প্রতি এক বার্তায় ইসলামি বিপ্লবের মহান নেতার শাহাদাত উপলক্ষে তার সহমর্মিতা ও শোকবার্তা এবং হিজবুল্লাহর মুজাহিদদের অনুভূতি, ভালোবাসা ও আনুগত্য প্রকাশের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

আয়াতুল্লাহ মুজতাবা খামেনেয়ী এই বার্তায় জোর দিয়ে বলেন যে, মুসলিম উম্মাহর সবচেয়ে বড় শত্রু অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে দৃঢ়তা ও প্রতিরোধ, শহীদ বিপ্লবের নেতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর অন্তর্ভুক্ত।

বিপ্লবের নেতা আরো জোর দিয়ে বলেন যে সাবেক সর্বোচ্চ নেতার নেতৃত্বের বছরজুড়ে প্রতিরোধের পথ অব্যাহত ছিল যার সত্যতার সাক্ষী হিসেবে রয়েছে শহীদ হাজ কাসেম সোলাইমানি, ইসলামি বিপ্লবী বাহিনী ও সেনাবাহিনীর অন্যান্য মহান কমান্ডারদের মতো উচ্চমর্যাদার শহীদরা।

হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী উল্লেখ করেন যে, ইসলামি প্রতিরোধের ইতিহাস সংগ্রাম, সাহসিকতা ও আত্মত্যাগে পরিপূর্ণ যেখানে প্রতিরোধের কমান্ডাররা কোনো হুমকিতে ভীত না হয়ে মুসলিম উম্মাহর রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তিনি আরো বলেন যে, হিজবুল্লাহর কমান্ডারগণ—শহীদ শেখ রাগেব হারব, সাইয়্যেদ আব্বাস মুসাভি থেকে শুরু করে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও সাইয়েদ হাশেম সাফিউদ্দিন—পর্যন্ত এই পথ ও সুদৃঢ় নীতির বাস্তব উদাহরণ।

বিপ্লবের নেতা হিজবুল্লাহর মহাসচিবকে উদ্দেশ্য করে বলেন যে, আজ আপনি প্রতিরোধের ইতিহাসের এই সংকটময় মুহূর্তে এই আন্দোলনের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আপনার কৌশল, প্রজ্ঞা ও সাহসিকতা ইহুদিবাদী শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে এবং লেবাননের জনগণের জন্য গৌরব, মর্যাদা ও স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনবে।

হযরত আয়াতুল্লাহ মুজতাবা খামেনেয়ী তাঁর বার্তার শেষে জোর দিয়ে বলেন যে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতি সর্বদা ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি (রহ) ও শহীদ নেতার পথে অবিচল থেকে ইহুদিবাদী ও মার্কিন শত্রুর বিরুদ্ধে প্রতিরোধের সমর্থন ও পৃষ্ঠপোষকতার ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং তিনি সকল মুজাহিদ ভাইদের জন্য সাফল্য কামনা করেন।#

পার্সটুডে/এমবিএ//১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।