তুরস্কের ড্রোন ভূপাতিত করেছে সিরিয়ার সেনারা
-
ভূপাতিত ড্রোন
সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা প্রদেশের আকাশ থেকে তুরস্কের একটি ড্রোন ভূপাতিত করেছে সিরীয় সেনাবাহিনী।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতকাল শেষ বেলায় হাসাকা প্রদেশের হামু এলাকার আকাশে ওড়ার সময় সিরিয়ার সেনারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ড্রোনটি ভূপাতিত করে। এলাকাটি কাশ্মিল শহরের কাছাকাছি তবে রাজধানী দামেস্ক থেকে ৬৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
এর আগে, গতকালই সিরিয়ার সরকারি সেনারা হাসাকা ও ইদলিব প্রদেশের প্রধান মহাসড়কে তাদের অবস্থান জোরদার করে। সিরিয় সেনাদেরকে সেখানকার সাধারণ জনগণ অভিনন্দন জানায়।
এদিকে, তুরস্কের সীমান্তবর্তী আল-আইন শহরে কয়েকটি গ্রাম থেকে বেশ কয়েকজন লোককে অপহরণ করেছে তুর্কি সমর্থিত সিরিয়ার গেরিলারা। অপহৃত লোকজনের মধ্যে বেশ কয়েকজন বয়স্ক ব্যক্তি রয়েছেন। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, অপহরণ করে নিয়ে যাওয়ার আগে তাদের ছেলেদেরকে সন্ত্রাসীরা ব্যাপকভাবে মারধর করেছে।#
পার্সটুডে/এসআইবি/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।