আমেরিকার ব্যবহৃত গণবিধ্বংসী মারণাস্ত্র বিপর্যয় সৃষ্টি করেছে: সিরিয়া
-
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়
সিরিয়া বলেছে, আমেরিকা যেসব গণবিধ্বংসী মারণাস্ত্র ব্যবহার করেছে তাতে সারা বিশ্বে বিপর্যয় সৃষ্টি হয়েছে। গতকাল (সোমবার) সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা ওপিসিডাব্লিউ রাসায়নিক হামলায় নিহতদের স্মরণে বার্ষিকী পালনের তিন দিন পর সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করল। সিরিয়ার ওই কর্মকর্তা বলেন, গণবিধ্বংসী অস্ত্র ধ্বংস করার নামে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধে ইরাকসহ যেসব দেশ ও সভ্যতা ধ্বংস করা হয়েছে তাদের কথাও স্মরণ করা উচিত। পাশাপাশি একথাও স্বীকার করা দরকার যে, মিথ্যা ও ভুল তথ্যের উপর ভিত্তি করে এসব যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে।
সিরিয়ার এ কর্মকর্তা আরো বলেন, রাসায়নিক অস্ত্র-বিরোধী সংস্থার বার্ষিকী উদযাপনের ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে আমেরিকার পরমাণু বোমা হামলার কথা স্মরণ করিয়ে দেয় যার ধ্বংসাত্মক প্রভাব দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছিল। তিনি বলেন, আমেরিকাই হচ্ছে গণবিধ্বংসী মারণাস্ত্র ব্যবহারের পথিকৃৎ অথচ তারা গণতন্ত্র, স্বাধীনতা এবং জনগণের নিরাপত্তার ব্যাপারে নিজেদেরকে চ্যাম্পিয়ন বলে দাবি করে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এ বলেন, আমেরিকা ও পশ্চিমা কয়েকটি দেশ মিথ্যা অভিযোগ তুলেছিল যে, সিরিয়ার সরকার দেশের জনগণের ওপরে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে অথচ শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে- এ অভিযোগ ছিল ভুয়া এবং বানোয়াট।#
পার্সটুডে/এসআইবি/৩