শতাধিক দেশে গ্রেপ্তারের শঙ্কায় পড়তে পারে ইসরাইলি নেতারা
-
নেতানিয়াহু
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি-তে যুদ্ধাপরাধের তদন্ত শুরু হলে বিশ্বের শতাধিক দেশে ইসরাইলি নেতারা গ্রেপ্তারের সম্মুখীন হতে পারেন। ইসরাইলি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ইসরাইলি বেতার ঘোষণা করেছে, ইসরাইলের বর্তমান ও সাবেক রজানৈতিক এবং সামরিক কর্মকর্তারা বিপদে পড়বে। তারা একশ'র বেশি দেশে গেলেই গ্রেপ্তার হতে পারেন।
এছাড়া ইহুদিবাদী ইসরাইলের টেলিভিশন চ্যানেল' টুয়েলভ টিভি' এক প্রতিবেদনে জানিয়েছে, তাদের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার মন্ত্রিসভার সামরিক বিষয়ক সদস্য, কয়েকজন সেনাপ্রধান, নিচু পদের কয়েকজন সেনা এবং ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেথের প্রধানরা গত পাঁচ বছরে যে অন্যায়-অপরাধ করেছেন তাতে তারা আন্তর্জাতিক বিচারের মুখে পড়তে পারেন বলে উদ্বেগে রয়েছেন।
গত শুক্রবার ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের যুদ্ধাপরাধের পূর্ণ তদন্তের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। নেদারল্যান্ডসের দ্য হেগে এক বিবৃতিতে আইসিসির প্রধান কৌঁসুলি ফাতো বেনসুদা এ ঘোষণা দেন।
তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ফিলিস্তিনে যুদ্ধাপরাধ তদন্ত প্রক্রিয়া শুরু করার যৌক্তিক সব কারণই রয়েছে। পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর ও গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে এবং হচ্ছে।
বেনসুদা আরও বলেন, যেহেতু ফিলিস্তিনি অঞ্চল থেকে এ তদন্তের জন্য অনুরোধ করা হয়েছে, তাই এটি শুরু করার জন্য বিচারকদের অনুমোদনের প্রয়োজন নেই।#
পার্সটুডে/এসএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।