এবার মার্কিন নিষেধাজ্ঞার কবলে ইরাকের হিজবুল্লাহ মহাসচিব হামদাভি
-
মার্কিন অর্থ মন্ত্রণালয়
মার্কিন সরকার ইরাকের হিজবুল্লাহ মহাসচিব আহমাদ আল-হামদাভি’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার রাতে এক বিবৃতি প্রকাশ করে এ খবর জানিয়েছে। ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের লক্ষ্যে হিজবুল্লাহ প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে ঘোষণা করার কয়েকদিনের মাথায় সংগঠনের প্রধানের ওপর এ নিষেধাজ্ঞা দিল আমেরিকা।
ইরাকের হিজবুল্লাহ মুখপাত্র জাফার আল-হোসেইনি কয়েকদিন আগে বলেছিলেন, তারা ইরাকের মাটি থেকে মার্কিন সেনা বহিষ্কারের চেষ্টা অব্যাহত রাখবেন এবং এ লক্ষ্যে সম্ভাব্য বিভিন্ন উপায় পর্যালোচনা করে দেখা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে আমেরিকার ইরাক-বিরোধী বিভিন্ন তৎপরতার কারণে দেশটির জনগণ সেখানে মোতায়েন মার্কিন সেনা বহিষ্কারের দাবি জোরদার করেছে। বিশেষ করে গতমাসে রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ-আশ শাবি’র কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস শহীদ হওয়ার পর দেশটিতে মার্কিন বিরোধী মনোভাব তুঙ্গে ওঠে।
৩ জানুয়ারির ওই কাপুরুষোচিত হত্যাকাণ্ডের দু’দিন পর ৫ জানুয়ারি ইরাকের পার্লামেন্ট একটি বিল পাস করে ইরাক থেকে সব মার্কিন সেনা বহিষ্কারের আহ্বান জানায়। এরপর ইরাকের সাধারণ জনগণ ও বিভিন্ন সংগঠন তাদের দেশ থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার দাবি জানাতে থাকে।#
পার্সটুডে/এমএমআই/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।