এক বছরের মধ্যে অবাধ ও স্বচ্ছ নির্বাচন দেয়া হবে: ইরাকি প্রধানমন্ত্রী
-
আদনান জুরফি
ইরাকের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আদনান আল-জুরফি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে, আগামী এক বছরের মধ্যে দেশে জাতীয় সংসদ নির্বাচন দেয়া হবে। তিনি বলেন, দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানই হবে তার সবচেয়ে বড় কাজ।
ইরাকের জাতীয় সংসদের স্পিকার মুহাম্মাদ আল-হালবুসির সঙ্গে এক বৈঠকের পর তিনি একথা বলেন। আদনান আল-জুরফি স্পিকারকে বলেছেন, তিনি দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করবেন। ইরাকের জনগণ সম্প্রতি যেসব দাবিতে আন্দোলন করেছেন, অবাধ ও স্বচ্ছ নির্বাচনের বিষয়টি ছিল তার অন্যতম।
ইরোকের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বলেন, তিনি আন্দোলনকারী ও মানবাধিকার কর্মীদের রক্ষায় কাজ করবেন এবং যারা বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনবেন।
তিনি আরো বলেন, ‘সবার আগে ইরাক’-এটাই হবে তার মূলনীতি। তবে প্রতিবেশী দেশগুলোর প্রতি বাগদাদ উদারনীতি গ্রহণ করবে বলেও তিনি জানান। এছাড়া, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইরাক সব ধরনের আঞ্চলিক ও আন্তর্জাতিক সংঘাত এড়িয়ে চলবে বলেও আদনান জুরফি ঘোষণা করেন।#
পার্সটুডে/এসআইবি/১৮