আরব-ইসরাইল সম্পর্ক ইস্যু
ফিলিস্তিনি নেতাদের তিরস্কার করলেন সৌদি সাবেক গোয়েন্দা প্রধান
-
বান্দার বিন সুলতান
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করার কারণে ফিলিস্তিনি নেতারা যে ক্ষোভ প্রকাশ করছেন তার জন্য ফিলিস্তিনি নেতাদেরকে কঠোরভাবে তিরস্কার করেছেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স বন্দর বিন সুলতান বিন আব্দুল আজিজ। তিনি বহুদিন আমেরিকায় সৌদি রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন।
গতকাল (সোমবার) সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বান্দার বিন সুলতান বলেন, ফিলিস্তিনিদের মনোভাব সীমালঙ্ঘনের পর্যায়ে পড়ে এবং এটি কঠোর তিরস্কারযোগ্য বিষয়। সৌদি সাবেক গোয়েন্দা প্রধান আরো বলেন, “ফিলিস্তিনের যেসব নেতা আন্তর্জাতিক সমর্থন আশা করেন তাদের কাছ থেকে এই ধরনের নিচুমানের বক্তব্য প্রত্যাশিত নয়।”
সম্প্রতি, মার্কিন সরকারের মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন একটি চুক্তি সই করে। ফিলিস্তিনের সব দল ও সংগঠন এই পদক্ষেপকে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছে।
সাক্ষাৎকারে বান্দার বিন সুলতান ফিলিস্তিনিদের কঠোর সমালোচনা করে আরো বলেন, তারা ইসরাইলের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর সুযোগ হাতছাড়া করেছেন।#
পার্সটুডে/এসআইবি/৬