গোপনে সৌদি আরব সফরে নেতানিয়াহু; উল্লাস করছে দখলদার মন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i84841-গোপনে_সৌদি_আরব_সফরে_নেতানিয়াহু_উল্লাস_করছে_দখলদার_মন্ত্রী
দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সৌদি আরব সফর করেছেন। সেখানে তিনি সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন। দখলদার ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইউসি কোহেনও এ বৈঠকে উপস্থিত ছিলেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ২৩, ২০২০ ১৪:১১ Asia/Dhaka
  • গোপনে সৌদি আরব সফরে নেতানিয়াহু; উল্লাস করছে দখলদার মন্ত্রী

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সৌদি আরব সফর করেছেন। সেখানে তিনি সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন। দখলদার ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইউসি কোহেনও এ বৈঠকে উপস্থিত ছিলেন।

ইসরাইলি প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সত্যতা স্বীকার করে দখলদার শিক্ষামন্ত্রী ইউভ গ্যালান্ট বলেছেন, সত্যিই সফর ও বৈঠক হয়েছে। এটা ইসরাইলের জন্য চমৎকার অর্জন। ইসরাইলি এই মন্ত্রী যখন এ বিষয়ে কথা বলছিলেন তখন তাকে বেশ উল্লসিত মনে হচ্ছিল।

‌ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে, সৌদি আরবের নেওম শহরে কয়েক ঘণ্টা ওই বৈঠক চলে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সৌদি আরবে অবস্থানকালেই গতকাল নেতানিয়াহু বিমানে করে সেদেশে যান।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলো জানিয়েছে, নেতানিয়াহুর ব্যক্তিগত বিমান প্রায় দুই ঘণ্টা মাটিতে ছিল এবং রাত ১২টার দিকে সৌদি আরব থেকে ইসরাইলে ফিরে এসেছে। এই বিমানটি ব্যবহার করেই এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নেতানিয়াহু।

তবে এই বৈঠকের ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে নেতানিয়াহুর অফিস। যদি এমনটা ঘটে থাকে তাহলে এটিই হবে সৌদি আরবে কোনো দখলদার প্রধানমন্ত্রীর প্রথম সফর।

সম্প্রতি দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সুদান। সৌদি আরবের উৎসাহেই এসব দেশ সম্পর্ক স্বাভাবিক করেছে বলে ধারণা করা হয়। কারণ তিনটি দেশই সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।#

পার্সটুডে/এসএ/২৩                                                           

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।