অপারেশন আল-কুদস সোর্ড শুরু; গাজায় চলছে ইসরাইলি বিমান হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i91498-অপারেশন_আল_কুদস_সোর্ড_শুরু_গাজায়_চলছে_ইসরাইলি_বিমান_হামলা
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলো ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসন ও বর্বরতার মুখে পাল্টা হামলা শুরু করেছে। ইসরাইল-বিরোধী অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন আল-কুদস সোর্ড’।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১১, ২০২১ ১৫:০৩ Asia/Dhaka
  • অপারেশন আল-কুদস সোর্ড শুরু; গাজায় চলছে ইসরাইলি বিমান হামলা

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলো ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসন ও বর্বরতার মুখে পাল্টা হামলা শুরু করেছে। ইসরাইল-বিরোধী অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন আল-কুদস সোর্ড’।

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে এই অভিযান পরিচালিত হচ্ছে এবং এর আওতায় ইসরাইল অভিমুখে প্রায় ২৫০টি রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো। অভিযান পরিচালনার জন্য তারা একটি জয়েন্ট অপারেশন রুম প্রতিষ্ঠা করেছে।

এ সম্পর্কে এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র জেরুজালেম আল-কুদস ও সেখানকার জনগণকে মুক্ত করার লক্ষ্য  নিয়ে এই অভিযান শুরু হয়েছে।

এ সম্পর্কে জয়েন্ট অপারেশন রুম থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিবাদী সেনাদের হামলা ও শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদের প্রতিবাদে অপারেশন আল-কুদস সোর্ড শুরু হয়েছে। এতে আরো বলা হয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের অভ্যন্তরে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। হামলা শুরু হয় গাজা সীমান্তের কাছে একটি গাড়িতে রকেটের আঘাতের মাধ্যমে। পরে তেল আবিব শহরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

ইসরাইলের কয়েকটি সূত্র প্রায় ২৫০টি রকেট হামলার কথা নিশ্চিত করেছে। সূত্রগুলো বলেছে, ইসরাইলি বাহিনী গাজার ১৩০টি লক্ষ্যবস্তুর ওপর বিমান হামলা চালিয়েছে এবং ১৫ জন হামাস সদস্য শহীদ হয়েছে বলে দাবি করেছে।#

পার্সটুডে/এসআইবি/১১