রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার প্রভাব
তেলের জন্য ভেনিজুয়েলায় মার্কিন প্রতিনিধিদল
-
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
ভেনিজুয়েলা থেকে তেল আমদানির লক্ষ্য নিয়ে আমেরিকার একটি শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল ভেনিজুয়েলা সফর করেছে।
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার ওপর আমেরিকা ও তার মিত্ররা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপের ফলে আন্তর্জাতিক বাজারের তেল ও গ্যাসের দাম মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় শনিবার মার্কিন প্রতিনিধিদলটি ভেনিজুয়েলা সফরে যায়।
প্রতিনিধিদলের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট এবং ফিনান্সিয়াল টাইমস এ খবর দিয়েছে।
ভেনিজুয়েলার ওপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞা রয়েছে এবং রাশিয়ার তেল-গ্যাসের ওপর আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে বিকল্প হিসেবে ভেনিজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দেশটি থেকে তেল আমদানি করতে পারে আমেরিকা। মার্কিন প্রতিনিধিদলটি ভেনিজুয়েলার শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে গতকাল (রোববার) আলোচনা করেছে।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, স্পেশাল প্রেসিডেনশিয়াল এনভয় ফর হোস্টেজ অ্যাফেয়ার্স রজার কার্স্টেন্স, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর হুয়ান গঞ্জালেজ এবং ভেনিজুয়েলায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জিমি স্টোরি প্রতিনিধিদলে ছিলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দু দেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদার করার বিষয় নিয়ে টেলিফোনে আলাপ করার কয়েকদিন পর মার্কিন প্রতিনিধি দলটি ভেনিজুয়েলা সফল করল। মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয় নি।#
পার্সটুডে/এসআইবি/৭