জার্মানির বিশাল সামরিক বাজেট পাসের তীব্র নিন্দা জানাল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i108806-জার্মানির_বিশাল_সামরিক_বাজেট_পাসের_তীব্র_নিন্দা_জানাল_রাশিয়া
জার্মান পার্লামেন্ট দেশটির জন্য ১০০ বিলিয়ন ইউরোর সামরিক বাজেট অনুমোদন দিয়ে যে বিল পাস করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, জার্মানি নিজের ‘পুনর্সামরিকীকরণ’ করে ইউরোপের নিরাপত্তাকে ভারসাম্যহীনতায় ফেলে দিয়েছে। তিনি আরো বলেছেন, রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রতিক্রিয়ায় জার্মানি তার সামরিক ব্যয় বাড়ানোর পদক্ষেপ নিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৪, ২০২২ ১৪:১৫ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
    রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

জার্মান পার্লামেন্ট দেশটির জন্য ১০০ বিলিয়ন ইউরোর সামরিক বাজেট অনুমোদন দিয়ে যে বিল পাস করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, জার্মানি নিজের ‘পুনর্সামরিকীকরণ’ করে ইউরোপের নিরাপত্তাকে ভারসাম্যহীনতায় ফেলে দিয়েছে। তিনি আরো বলেছেন, রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রতিক্রিয়ায় জার্মানি তার সামরিক ব্যয় বাড়ানোর পদক্ষেপ নিয়েছে।

জার্মান পার্লামেন্ট গতকাল (শুক্রবার) দেশটির সামরিক বাহিনীর আধুনিকায়নের জন্য ১০০ বিলিয়ন ডলারের সামরিক বাজেট অনুমোদন করে। রাশিয়া যখন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে এবং জার্মানি এই অভিযানের ঘোরতর বিরোধিতা করছে তখন এই বিশাল অঙ্কের সামরিক বাজেট অনুমোদন করা হলো।  বিগত বছরগুলোতে জার্মানির সামরিক বাজেট ছিল গড়ে ৫০ বিলিয়ন ইউরো।

সামরিক খাতে বাজেট দ্বিগুণ করার জন্য জার্মানিকে সংবিধান সংশোধন করতে হয়েছে এবং এজন্য দেশটির বিরোধী দলগুলোর সমর্থন প্রয়োজন হয়। শুক্রবার পার্লামেন্টের ভোটাভুটিতে দুই-তৃতীয়াংশের বেশি সংসদ সদস্যের সমর্থন নিয়ে সংবিধান সংশোধনের পাশাপাশি ১০০ বিলিয়ন ইউরোর সামরিক বাজেট অনুমোদন করা হয়।

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার কয়েকদিন পর গত ফেব্রুয়ারির শেষের দিকে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ এই সামরিক খাতে এই তহবিল গঠনের প্রস্তাব দিয়েছিলেন। জার্মান পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে শোলজ বলেছিলেন, “আমাদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য আমাদের দেশের নিরাপত্তায় আরও বেশি বিনিয়োগ করতে হবে।”#

পার্সটুডে/এমএমআই/৪