পোল্যান্ডে ন্যাটো মিত্রদের সঙ্গে সাক্ষাৎ
নিউ স্টার্ট চুক্তি স্থগিত করা পুতিনের বড় ভুল সিদ্ধান্ত: বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ন্যাটো জোটের পূর্বাঞ্চলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ন্যাটো জোটের পূর্বাঞ্চলের দেশগুলোর সমন্বিত অংশকে বুখারেস্ট নাইনও বলা হয়।
বৈঠকে পরমাণু বিষয়ক চুক্তি ‘দ্যা নিউ স্টার্ট ট্রিটি’ স্থগিত করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেন বাইডেন। তিনি বলেন, এই পদক্ষেপের মধ্য দিয়ে বড় ভুল করেছেন পুতিন।
ন্যাটো জোটের নেতাদের সঙ্গে বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট পোল্যান্ডে আমেরিকার দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ করেন।
রুশ-বিরোধী মার্কিন প্রচারণার সাথে সুর মিলিয়ে ন্যাটো জোটের পূর্বাঞ্চলের নেতারা বলছেন, তারা আশঙ্কা করছেন তাদের বিরুদ্ধে আগ্রাসান চালাতে পারেন পুতিন।
বুখারেস্ট নাইনের সদস্য হচ্ছে চেক প্রজাতন্ত্র, বুলগেরিয়া, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া এবং স্লোভাকিয়া।#
পার্সটুডে/এসআইবি/২৩