আসাদের ব্যাপারে আমাদের ধৈর্যের মাত্রা ফুরিয়ে যাচ্ছে: জন কেরি
https://parstoday.ir/bn/news/world-i12133-আসাদের_ব্যাপারে_আমাদের_ধৈর্যের_মাত্রা_ফুরিয়ে_যাচ্ছে_জন_কেরি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভবিষ্যত প্রশ্নে আমেরিকার ধৈর্যের মাত্রা ফুরিয়ে যাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৫, ২০১৬ ১৬:২৯ Asia/Dhaka
  • আসাদের ব্যাপারে আমাদের ধৈর্যের মাত্রা ফুরিয়ে যাচ্ছে: জন কেরি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভবিষ্যত প্রশ্নে আমেরিকার ধৈর্যের মাত্রা ফুরিয়ে যাচ্ছে।

জন কেরি আজ (বুধবার) নরওয়ের রাজধানী অসলোতে বলেন, রাশিয়াকে এটা বুঝতে হবে যে, আমাদের ধৈর্যের সীমা আছে। আসাদকে জবাবদিহীতার আওতায় আনা হবে কিনা সে ব্যাপারে মস্কোকে একটা সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আরো বলেন, বিরোধী পক্ষ যারা সিরিয়ার আসাদ বাহিনীর বিরুদ্ধে হামলা চালাচ্ছে এবং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে তাদেরকেও জবাবদিহীতার মুখোমুখি করতে আমরা প্রস্তুত। রাশিয়া এবং আমেরিকার তত্ত্বাবধানে গত ২৭ ফেব্রুয়ারি থেকে সিরিয়ায় যুদ্ধ বিরতি কার্যকর হয়ে আসছে।

সিরিয়ায় তৎপরতা চালানো কয়েক ডজন বিরোধী গোষ্ঠী এবং দেশটির সরকারি বাহিনীর মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তি সাক্ষরিত হয়। তবে উগ্র তাকফিরি দায়েশ এবং আন-নুসরা গোষ্ঠী এই যুদ্ধবিরতি চুক্তির আওতায় পড়বে না। কেরি বলেন, 'এটা খুব পরিষ্কার যে, যুদ্ধবিরতি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে এবং ঝুঁকিতে আছে। একটি সত্যিকারের যু্দ্ধবিরতি কার্যকর করা কঠিন হয়ে পড়েছে।'

জন কেরি আরো বলেন, 'আমরা কঠিন মুহুর্ত অতিক্রম করছি। সিরিয়ায় পরিপূর্ণভাবে যু্দ্ধবিরতি বাস্তবায়ন করার পাশাপাশি মানবিক ত্রাণ তৎপরতা সরবরাহের মাধ্যমে সব পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে এনে একটি ঐক্যমতের সরকার প্রতিষ্ঠার ব্যাপারে দুই দেশই কঠোর পরিশ্রম করে যাচ্ছে।'#

 

পার্সটুডে/ বাবুল আখতার/১৫