সুলিভানের বক্তব্যের প্রতিবাদে মার্কিন কূটনীতিকদের রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
https://parstoday.ir/bn/news/world-i123644-সুলিভানের_বক্তব্যের_প্রতিবাদে_মার্কিন_কূটনীতিকদের_রুশ_পররাষ্ট্র_মন্ত্রণালয়ে_তলব
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ‘প্ররোচনামূলক বক্তব্যের’ প্রতিবাদে মস্কোয় নিযুক্ত মার্কিন কূটনীতিকদের রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মে ২৭, ২০২৩ ১০:১১ Asia/Dhaka
  • সুলিভানের বক্তব্যের প্রতিবাদে মার্কিন কূটনীতিকদের রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ‘প্ররোচনামূলক বক্তব্যের’ প্রতিবাদে মস্কোয় নিযুক্ত মার্কিন কূটনীতিকদের রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

ওই মন্ত্রণালয় বলেছে, ক্রিমিয়া ও বেলগরোদসহ অন্যান্য রুশ ভূখণ্ডে হামলা চালানোর ইউক্রেনীয় উদ্যোগের  প্রতি সমর্থন জানিয়েছেন সুলিভান।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে রাশিয়ার ইংরেজি ভাষার নিউজ চ্যানেল রাশা টুডে জানিয়েছে, শুক্রবার কয়েকজন মার্কিন কূটনীতিককে ওই মন্ত্রণালয়ে তলব করা হয়।

ইউক্রেন যুদ্ধ সম্পর্কে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সাম্প্রতিক বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে এর শক্ত প্রতিবাদ জানিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সুলিভানের বক্তব্য প্রমাণ করে ওয়াশিটন রুশ ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেনকে সহযোগিতা করবে না বলে এতদিন ধরে যে দাবি করে আসছিল তা ‘ডাহা মিথ্যা’।

বিবৃতিতে আরো বলা হয়েছে, আমেরিকা ইউক্রেনকে যেসব সমরাস্ত্র দিয়েছে সেসব অস্ত্র ‘সন্ত্রাসী কার্যক্রমে’ ব্যবহার করা হচ্ছে।রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, আমেরিকার বিদ্বেষী আচরণের কারণে ওয়াশিংটন-মস্কো সম্পর্ক গভীর ও বিপজ্জনক পর্যায়ে উপনীত হয়েছে। রুশ ভূখণ্ডে যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

গত সপ্তাহে জ্যাক সুলিভান সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইউক্রেন যদি আমেরিকার দেয়া সমরাস্ত্র দিয়ে ক্রিমিয়ায় রুশ সেনাদের ওপর হামলা চালায় তাহলে আপত্তি করবে না ওয়াশিংটন।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।