গাজা অভিমুখী ত্রাণবহর আয়োজকদের একহাত নিলেন এরদোগান
-
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এই প্রথমবারের মতো গাজা অভিমুখী ত্রাণবহরের আয়োজকদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। ২০১০ সালে তুরস্কের একটি মানবাধিকার সংগঠন ‘ফ্রিডম ফ্লোটিলা’ নামে গাজা অভিমুখে ত্রাণবহর পাঠিয়েছিল।
গতকাল (বুধবার) শেষ বেলায় রাজধানী আংকারায় এরদোগান বলেন, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ইস্তাম্বুল-ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘হিউম্যানিটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন’ তাকে কিছু না জিজ্ঞেস করে এবং তার কাছে থেকে অনুমতি না নিয়ে এ ত্রাণবহর পাঠিয়েছিল। এ সম্পর্কে তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, “যাত্রা করার আগে আপনারা কী আমাকে জিজ্ঞেস করেছিলেন? আমার কাছে কী অনুমতি চেয়েছিলেন?”
গাজার ওপর থেকে ইহুদিবাদী ইসরাইলের অবরোধ তোলার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিলেন এরদোগান কিন্তু সে ধরনের কোনো শর্ত ছাড়াই ইসরাইলের সঙ্গে সম্প্রতি সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করেছেন। এরপর তিনি ত্রাণবহরের আয়োজকদের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। ত্রাণবহরের আয়োজকরা বলছেন, ইসরাইলের সঙ্গে তুরস্কের এ চুক্তির অর্থ হচ্ছে গাজার ওপর তেল আবিবের অবরোধকে মেনে নেয়া।
এদিকে, চুক্তির পর গাজার বেশিরভাগ মানুষ এ চুক্তিতে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন, এ চুক্তির ফলে ইসরাইল লাভবান হবে এবং গাজার ওপর অবরোধ থেকেই যাবে। তারা বলছেন, গাজার জন্য শুধু পানি, বিদ্যুত, হাসপাতালের প্রয়োজন নয়, সবার আগে প্রয়োজন গাজার ওপর থেকে অবরোধ উঠে যাওয়া।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০