এনপিটির সদস্য হিসেবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রয়েছে: গ্রোসি
https://parstoday.ir/bn/news/world-i156956-এনপিটির_সদস্য_হিসেবে_ইরানের_ইউরেনিয়াম_সমৃদ্ধ_করার_অধিকার_রয়েছে_গ্রোসি
পার্সটুডে-আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক স্বীকার করেছেন যে, অস্ত্র বিস্তার-প্রসারণ রোধ চুক্তি বা এনপিটি'র সদস্য হিসেবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রয়েছে।
(last modified 2026-02-12T12:51:16+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ১৬:০৮ Asia/Dhaka
  • আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি
    আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি

পার্সটুডে-আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক স্বীকার করেছেন যে, অস্ত্র বিস্তার-প্রসারণ রোধ চুক্তি বা এনপিটি'র সদস্য হিসেবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রয়েছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি ব্রিটিশ ম্যাগাজিন "ফিনান্সিয়াল টাইমস"-এর সাথে এক সাক্ষাৎকারে বলেছেন: ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে, তবে বিনিময়ে তাকে "শেষ গ্রাম" পর্যন্ত পারমাণবিক উপাদান পর্যবেক্ষণ এবং যাচাই করার সুযোগ প্রদান করতে হবে যাতে কোনও বিচ্যুতি না ঘটে।

ইসলামী প্রজাতন্ত্র ইরান বারবার জোর দিয়ে বলেছে যে, এনপিটির সদস্য হিসেবে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে এবং এই অধিকার তারা ত্যাগ করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আইএইএ সুরক্ষার অধীনে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার পর এই অবস্থান আরও স্পষ্ট হয়ে ওঠে।

আইএইএ মহাপরিচালক জোর দিয়ে বলেন যে, সংস্থার পরিদর্শকরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশাধিকার পাওয়ার জন্য কয়েক মাস ধরে অপেক্ষা করছেন। গ্রোসি আরও দাবি করেছেন যে, ইরানের ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে সম্ভবত উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও মজুদ রয়েছে, যদিও তিনি স্বীকার করেছেন যে তিনি এ বিষয়ে শতভাগ নিশ্চিতভাবে বলতে পারবেন না।

আইএইএ'র মহাপরিচালক ইরানের ইসফাহানে একটি নতুন ভূগর্ভস্থ স্থাপনার কথা উল্লেখ করে বলেন, ১৩ জুন এটি পরিদর্শন করার কথা ছিল, কিন্তু ইসরায়েলি হামলা শুরু হওয়ার কারণে ওই কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সংস্থাটি এখনও এর বিস্তারিত তথ্য সম্পর্কে অবগত নয়।#

পার্সটুডে/এনএম/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।