গাজায় ইসরাইলি বর্বরতার জবাব মুসলিম বিশ্ব দেবে: এরদোগান
-
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
পার্সটুডে- তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান গাজায় ইসরাইলি হামলা ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “নেতানিয়াহু নামের এই জালিম ব্যক্তি মুসলিম বিশ্বের কাছ থেকে উপযুক্ত জবাব পাবে।”
আইআরআইবির নিউজ এজেন্সির বরাতে পার্সটুডে জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে এরদোগান গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, “আমি নিজের এবং তুর্কি জাতির পক্ষ থেকে গাজাসহ বিশ্বের যেসব মুসলমান গভীর শোক, কষ্ট ও দুর্ভোগের মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন, তাদের প্রতি সংহতির শক্তিশালী বার্তা জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানাই।”
ইস্তাম্বুলের চামলিজা মসজিদে ঈদের নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, গাজায় চলমান যুদ্ধ তুরস্কসহ সমগ্র মুসলিম বিশ্বের ঈদের আনন্দকে ম্লান করে দিয়েছে।
তিনি আরও বলেন, ইসরাইলি বাহিনী গাজায় ধারাবাহিক যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে এবং নেতানিয়াহু নামের “জালিম ব্যক্তি” শেষ পর্যন্ত মুসলমানদের কাছ থেকে প্রয়োজনীয় শিক্ষা পাবে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরাইল গাজা উপত্যকায় ভয়াবহ যুদ্ধ শুরু করে। তবে সামরিক অভিযানের মাধ্যমে তারা ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে যেতে বাধ্য হয়।
সংবাদে বলা হয়, যুদ্ধবিরতির পরও ইসরাইল চুক্তির কিছু ধারা বাস্তবায়ন করেনি এবং গাজায় হামলা ও বেসামরিক হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে।#
পার্সটুডে/এমবিএ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।