ইরানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় নেতানিয়াহুকে থামালেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i159932-ইরানের_সাথে_যোগাযোগ_বিচ্ছিন্ন_হওয়ার_আশঙ্কায়_নেতানিয়াহুকে_থামালেন_ট্রাম্প
পার্সটুডে: মার্কিন সংবাদমাধ্যম 'অ্যাক্সিওস' জানিয়েছে, ইরানের সঙ্গে বার্তা আদান-প্রদানের পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননে হামলার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সংযত থাকতে বাধ্য করেছেন।
(last modified 2026-06-02T10:42:48+00:00 )
জুন ০২, ২০২৬ ১৬:২৪ Asia/Dhaka
  • বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প
    বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প

পার্সটুডে: মার্কিন সংবাদমাধ্যম 'অ্যাক্সিওস' জানিয়েছে, ইরানের সঙ্গে বার্তা আদান-প্রদানের পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননে হামলার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সংযত থাকতে বাধ্য করেছেন।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, গত সোমবার রাতে অ্যাক্সিওস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, ইরানের সতর্কবার্তার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈরুতের নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে বোমা হামলার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা থামিয়ে দেন।

অ্যাক্সিওস জানায়, ফোনে নেতানিয়াহুর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। দুই নেতার ফোনালাপের বিষয়ে জানেন, এমন দুজন মার্কিন কর্মকর্তা এবং একটি সূত্র অ্যাক্সিওসকে জানায়, কথা বলার সময় নেতানিয়াহুকে সরাসরি ‘পাগল’ বলেন ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ‘অকৃতজ্ঞ’ও বলেন তিনি।

ওই মার্কিন কর্মকর্তাদের বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, কথোপকথনে বেশ নরম সুরে নেতানিয়াহুকে কড়া কথা শুনিয়ে দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেন, ‘এখন সবাই আপনাকে ঘৃণা করে। এ কারণে (যুদ্ধ) সবাই ইসরায়েলকেও ঘৃণা করে।’

এক ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, "বৈরুতে পরিকল্পিত হামলাগুলো আর চালানো হবে না।"

মার্কিন এই সংবাদমাধ্যমটি জোর দিয়ে বলেছে, "নেতানিয়াহুকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে ট্রাম্পের এই সিদ্ধান্ত একটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে, তিনি চান না তাঁর কোনো ঘনিষ্ঠ সহযোগী ইরানের সাথে চুক্তি করার পথে বাধা হয়ে দাঁড়াক।"

ইসরায়েলের চ্যানেল ১২ টেলিভিশনও জানিয়েছে, নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যকার ফোনালাপের কারণে বৈরুতের দাহিয়েহ অঞ্চলে হামলার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে এবং একটি নতুন যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল, "যুদ্ধবিরতির পর প্রথমদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে চাপ দেওয়ার কথা বললেও, ইরান ও লেবাননের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্রের সরাসরি দায় রয়েছে এবং এর পরিণতির দায়িত্বও ওয়াশিংটনকেই বহন করতে হবে।"

পার্সটুডে/এমএআর/২