ইসরায়েলের ওপর চাপ ও নিষেধাজ্ঞা বাড়ানোর আহ্বান জানাল ব্রিটিশ পার্লামেন্ট
https://parstoday.ir/bn/news/world-i160004-ইসরায়েলের_ওপর_চাপ_ও_নিষেধাজ্ঞা_বাড়ানোর_আহ্বান_জানাল_ব্রিটিশ_পার্লামেন্ট
পার্সটুডে- লেবাননের পরিস্থিতি নিয়ে এক জরুরি অধিবেশনে ব্রিটিশ হাউস অফ কমন্সের সদস্যরা ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন এবং ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ, ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ, যুদ্ধাপরাধের ঘটনাগুলো নথিভুক্তিকরণ এবং আন্তর্জাতিক ফোরামে তেল আবিবকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-06-04T13:35:10+00:00 )
জুন ০৪, ২০২৬ ১৪:৩৮ Asia/Dhaka
  • ব্রিটিশ হাউস অফ কমন্সের সদস্যরা
    ব্রিটিশ হাউস অফ কমন্সের সদস্যরা

পার্সটুডে- লেবাননের পরিস্থিতি নিয়ে এক জরুরি অধিবেশনে ব্রিটিশ হাউস অফ কমন্সের সদস্যরা ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন এবং ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ, ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ, যুদ্ধাপরাধের ঘটনাগুলো নথিভুক্তিকরণ এবং আন্তর্জাতিক ফোরামে তেল আবিবকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বুধবার রাতে হাউস অফ কমন্সের এক জরুরি অধিবেশনে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা লেবাননের ওপর ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেছেন এবং তেল আবিবের বিরুদ্ধে লন্ডন সরকারের পক্ষ থেকে বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের উপ-পররাষ্ট্রমন্ত্রী হ্যামিশ ফ্যালকনার লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানকে "বিপজ্জনক ও অসামঞ্জস্যপূর্ণ" বলে বর্ণনা করেছেন এবং বলেছেন যে এই হামলার ফলে হাজার হাজার মানুষের মৃত্যু, বেসামরিক নাগরিকদের ব্যাপক স্থানচ্যুতি এবং বেসামরিক অবকাঠামোর ধ্বংস হয়েছে।

লিবারেল ডেমোক্র্যাট মনিকা হার্ডিং, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের কথা উল্লেখ করে এই পদক্ষেপগুলোকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন এবং অস্ত্র বিক্রি বন্ধ, বেনিয়ামিন নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

হাউস অফ কমন্স ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ার এমিলি থর্নবেরিও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলার সমালোচনা করে পরিস্থিতিকে বিপজ্জনক বলে বর্ণনা করেছেন।

বৈঠক চলাকালে, বেশ কয়েকজন এমপি লেবাননে চিকিৎসা কর্মীদের হত্যা এবং অ্যাম্বুলেন্স, সাংবাদিক ও আবাসিক এলাকায় ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে যুদ্ধাপরাধের নথি সংগ্রহ এবং ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এমপি জন ম্যাকডনেল, লেবাননে সাংবাদিক ও সাহায্য কর্মীদের ওপর হামলার কথা উল্লেখ করে ইসরায়েলি কর্মকর্তাদের আইনি বিচারের জন্য এই ঘটনাগুলো রেকর্ড ও নথিভুক্ত করার আহ্বান জানান।

কিছু এমপি ইসরায়েলকে একটি “বিদ্রোহী ও প্রত্যাখ্যাত সরকার” হিসেবেও বর্ণনা করেছেন এবং তেল আবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়ানো ও তীব্র করার আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এমআরএইচ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।